মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৪৯ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ মো. মানিক (৪৫) মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানিকের শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
গত ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় মানিককে উদ্ধার করে দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়।
তার শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল বলে জানান চিকিৎসক।