প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৫২ পিএম
রাজধানীর হাতিরঝিল লেক রোডে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে জনসচেতনতা সৃষ্টিতে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১।
শনিবার রাজধানীর হাতিরঝিল লেক রোডে আয়োজিত এ কর্মসূচিতে রোটারিয়ানসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন। প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে পোলিও নির্মূলে বিশ্বব্যাপী চলমান উদ্যোগের প্রতি সংহতি জানান তাঁরা।
শোভাযাত্রার নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর ডা. ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর একেএম শামসুল হুদা।
শোভাযাত্রায় পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের নিয়মিত টিকাদানে অভিভাবকদের উৎসাহিত করা এবং প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালিত হয়। পোলিও বা পোলিওমাইলাইটিস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি প্রধানত পাঁচ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত করে এবং স্থায়ী পক্ষাঘাতের কারণ হতে পারে। রোগটির নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই; তবে টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে সর্বশেষ বন্য পোলিও ভাইরাস শনাক্ত হয়েছিল ২০০৬ সালে। পরবর্তী সময়ে সফল টিকাদান কার্যক্রম ও নজরদারির মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়।
বিশ্ব পোলিও দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ পোলিও নির্মূলে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচিতে অভিভাবকদের অংশগ্রহণ, স্বাস্থ্যসেবার প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।