প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১১:৩৬ এএম
মেট্রো স্টেশন। ছবি: উইকিপিডিয়া
মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে রাজধানীর সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল পরীক্ষা এবং সন্দেহজনক বস্তু শনাক্ত করে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এসব আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হবে।
এ লক্ষ্যে নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য ই-দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
দরপত্র বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্রে অংশগ্রহণের শর্তাবলি, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত হেল্পডেস্ক থেকে জানা যাবে।
ডিএমটিসিএলের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, নতুন নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের মাধ্যমে মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রী ও তাঁদের বহন করা মালামাল তল্লাশির ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে সন্দেহজনক মালামাল শনাক্ত করা এবং স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, একই দরপত্র বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ বৈদ্যুতিক ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের রক্ষণাবেক্ষণ করা হবে।
ডিপোর এসব বৈদ্যুতিক ও বিদ্যুৎ-সহায়ক ব্যবস্থার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে মেট্রোরেলের পরিচালন কার্যক্রম সচল রাখার লক্ষ্য রয়েছে।
প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম ও শর্ত অনুসরণ করে দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে হবে।