পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশে অবস্থিত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকা। এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
জরুরি মেরামতকাজ সম্পন্ন করার জন্য এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এদিকে, নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।