রাজধানীর গণপরিবহন
বাস্তবে যাত্রীদের গুনতে হচ্ছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া। ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে রাজধানীর গণপরিবহনগুলোতে চলছে লাগামহীন নৈরাজ্য। সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে ইচ্ছেমতো পকেট কাটা হচ্ছে যাত্রীদের। নিয়ম অনুযায়ী, প্রতিটি বাসে ভাড়ার তালিকা দৃশ্যমান থাকার কথা থাকলেও বাস্তবে তা দুরবিন দিয়ে খোঁজার মতো অবস্থা।
ভাড়ার তালিকা দেখতে চাইলে কিংবা বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে যাত্রীদের কপালে জুটছে চালক ও সহকারীদের দুর্ব্যবহার; ঘটছে বাস থেকে গলাধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও। গণপরিবহন এখন নগরবাসীর কাছে এক চরম অস্বস্তির নাম। হিসাব বলছে, কেবল ভাড়ার তালিকা না থাকার এই সুযোগটি কাজে লাগিয়ে প্রতিদিন ১৫ লাখ টাকার বেশি বাড়তি ভাড়া হাতিয়ে নিচ্ছে বাস কর্তৃপক্ষ।
২২ সেপ্টেম্বর প্রতি লিটার ডিজেলের দাম ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বাসের ভাড়াপ্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ায়। অর্থাৎ ছয় কিলোমিটারের গন্তব্যে ভাড়া বাড়ে মাত্র এক টাকা। কিন্তু বাস্তবে যাত্রীদের গুনতে হচ্ছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর কামারপাড়া থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ রুটে চলাচলকারী ভূঁইয়া পরিবহনে যেকোনো গন্তব্যের ন্যূনতম ভাড়াই ২০ টাকা। বাসে ভাড়ার তালিকা কেন নেইÑ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি চালকরা। তবে বিজয় সরণি মোড়ে এই পরিবহনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন লাইনম্যান দায় চাপান মালিকপক্ষের ওপর। তার ভাষ্য, “তালিকা টাঙানোর দায়িত্ব আমাদের নয়, মালিকপক্ষের”।
শুধু ভূঁইয়া পরিবহন নয়; কামারপাড়া-আজিমপুর রুটের বিকাশ পরিবহন, মিরপুর ১৪-মতিঝিল রুটের শিকড়, সাভার-গুলিস্তান রুটের ওয়েলকাম এবং গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি ২৭ ও গাজীপুর পরিবহনের কোনোটিতেই ভাড়ার তালিকা পাওয়া যায়নি। গাবতলী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রুটের সেলফী, লাব্বাইক ও নীলাচল পরিবহনেও একই চিত্র বলে জানান নিয়মিত যাত্রী বিপুল কর্মকার। তিনি জানান, এই রুটের বাসগুলো এখন ইচ্ছেমতো ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে।
গণপরিবহনের এই নৈরাজ্যের শিকার সব শ্রেণি-পেশার মানুষ। কুড়িল বিশ্বরোড থেকে বিজয় সরণি মোড়ে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোসলেম হোসেন আক্ষেপ করে বলেন, “প্রায় প্রতিটি বাসই বাড়তি ভাড়া আদায় করছে। চালক ও সহকারীরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া চাপিয়ে দিচ্ছেন। বনিবনা না হলে যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলছেন”।
প্রবীণ এই যাত্রীর দাবি, সরকারকে কঠোর হাতে গণপরিবহনের এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং পুরো সেক্টরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে।
এমনকি সরকারি কর্মকর্তারাও এই অব্যবস্থাপনা নিয়ে চরম অসন্তুষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, “আমি সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পেলেও আমার পরিবারের সদস্যদের গণপরিবহনে চলতে হয়। সিএনজি বা বাসÑ কোথাও ভাড়া নির্ধারিত নেই। গণপরিবহনের ব্যবস্থাপনা নিয়ে আপাতত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ দেখছি না”।
আব্দুল্লাহপুর থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী বেসরকারি চাকরিজীবী রিয়াদ হোসেন জানান, মনজিল, বলাকা বা ভিক্টর ক্ল্যাসিকের মতো কোনো বাসেই ভাড়ার তালিকা নেই। তালিকা দেখতে চাইলে বা বাড়তি ভাড়ার প্রতিবাদ করলে কর্মীরা চরম দুর্ব্যবহার করেন।
লুটপাট এবং মালিকপক্ষের অজুহাত
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তথ্য মতে, রাজধানীর বিভিন্ন রুটে প্রায় চার হাজার বাস চলাচল করে। ৪৫ আসনের একটি বাস দিনে গড়ে চারবার আপ-ডাউন করলে প্রায় ৩৬০ জন যাত্রী পরিবহন করে। জনপ্রতি ১০ টাকা বাড়তি নিলে একটি বাস দিনে ৩ হাজার ৬০০ টাকা বেশি আদায় করে। সেই হিসাবে শুধু রাজধানীতে চলাচল করা বাসগুলোই প্রতিদিন যাত্রীদের পকেট থেকে প্রায় ১৫ লাখ টাকা বাড়তি ভাড়া হাতিয়ে নিচ্ছে।
বাসে তালিকা না থাকার বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “মালিকদের পক্ষ থেকে ভাড়ার তালিকা নিয়মিত সরবরাহ করা হয় এবং বাসে তা প্রদর্শনের নির্দেশও দেওয়া থাকে। তবে অনেক সময় তালিকা ছিঁড়ে বা নষ্ট হয়ে যায়। তখন নতুন তালিকা টাঙাতে কিছুটা সময় লাগে বলেই সব বাসে তা দেখা যায় না”।
কঠোর ব্যবস্থার প্রত্যাশা ও আশ্বাস
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই নৈরাজ্য ঠেকাতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়েছেন। তিনি এই প্রতিবেদককে বলেন, “সরকার কাউন্টারে বা স্ট্যান্ডে তালিকা ঝোলানোর কথা বললেও পরিবহনসংশ্লিষ্টরা তা মানছেন না। ভাড়ার তালিকাকে যাত্রীদের জন্য সহজলভ্য করতে হবে। প্রয়োজনে বাসে বাসে ডিজিটাল বোর্ডে ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ভাড়ার তালিকা ছাড়া কোনো বাস যেন সড়কে নামতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে”।
ভাড়া তদারকির জন্য বিআরটিএ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সংখ্যা ১০ জন থেকে বাড়িয়ে ২০ জন করেছে। তবে সড়কে এর কোনো প্রভাব দৃশ্যমান নয় বলে যাত্রীদের অভিযোগ।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “গণপরিবহনের ভাড়া নির্ধারণের সময় আমরা একটি সুনির্দিষ্ট রূপরেখা বেঁধে দিই। কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানো এবং ডিজিটাল ব্যানার-বিলবোর্ড রাখার স্পষ্ট নির্দেশনা থাকে। তবে কোথাও কোথাও এর ব্যত্যয় ঘটেছে। নিয়ম না মানা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে”।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন এবং জরিমানাও করছেন। ভাড়া তদারকির জন্য মালিক-শ্রমিকসহ সব পক্ষের সঙ্গে আমরা বৈঠক করেছি। কেউ যাতে সরকারের সিদ্ধান্ত অমান্য করতে না পারে, সে তদারকির জন্যই ২০ জন ম্যাজিস্ট্রেট বাড়ানো হয়েছে। আমরা অনিয়মকারীদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।