প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৭:০১ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ১৭:২২ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর ভবনে (বিল্ডিং) আগুন লাগার খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর ভবনে (বিল্ডিং) আগুন লাগার খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার বেলা ৩টা ৩৭ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্টোর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ভবনে অগ্নিকাণ্ডের বিষয়টি নাকচ করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি জানান, ওই স্থানে ময়লার একটি স্তূপ রয়েছে। সেখানে মূলত আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ৮নং গেইট সংলগ্ন বিএফসির পাশে আগুন লাগে। সেখানে ফাইয়ার সার্ভিসের টিম যাওয়ার পর পরই আগুন নিভে যায়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কথা নয়।
তবে ধোঁয়া বা অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।