× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সংসদের এলডি হলে প্রথম মডেল ইউএন সম্মেলন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২২:৫০ পিএম

জাতীয় সংসদের এলডি হলে প্রথম মডেল ইউএন সম্মেলন

নীতি নিয়ে বিতর্ক, প্রস্তাব প্রণয়ন ও নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে শনিবার জাতীয় সংসদের এলডি হলে শেষ হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (বিওয়াইএমইউএন)। 

ফিউচার বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনটি জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত প্রথম মডেল ইউএন সম্মেলন। এতে দেশের সব বিভাগের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রতিনিধিরা জাতিসংঘ ও জাতীয় সংসদের আদলে গঠিত ছয়টি কমিটিতে অংশ নিয়ে বিভিন্ন নীতিগত বিষয়ে বিতর্ক করেন।

শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তরুণদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, পাল্টা যুক্তি থাকতে পারে, কিন্তু প্রতিটি কণ্ঠ শুনতে হবে। তিনি জিপিএ-৫-কেন্দ্রিক ধারা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে দেশের উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেন, দেশজুড়ে মডেল ইউএন প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা সেরা তরুণদের সরকারি অর্থায়নে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্ত করছি, আগামী বছর থেকে এই প্রস্তাবনা প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে। গণিত ও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, নতুন কুঁড়ি, বিতর্ক ও কুইজসহ শিক্ষার্থীদের মেধা বিকাশের বিভিন্ন আয়োজনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আগামী দিনে তরুণদের মধ্য থেকেই অনেকে সংসদ সদস্য ও নীতিনির্ধারক হিসেবে দেশের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন মাহ্‌দী আমিন। তিনি বলেন, আমরা যারা নীতিনির্ধারণে রয়েছি, আমরা শুধু বলব না, আমরা শুনব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং সম্মেলনের মহাপরিচালক মো. আসিফুজ্জামান। সম্মেলনের মহাসচিব আবদুল্লাহ আল মোক্তাদির রায়হান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনের সকালের অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান বলেন, কূটনীতির শুরু প্রস্তুতি দিয়ে, কিন্তু সাফল্য আসে সংলাপের মধ্য দিয়ে। নীতিগত প্রস্তাব তৈরির ক্ষেত্রে কারা উপকৃত হবে, কীভাবে তা বাস্তবায়ন করা হবে এবং এর কার্যকারিতা কীভাবে মূল্যায়ন করা যাবে—এসব বিষয় বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি।

শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ তরুণদের তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান—জানা, সক্রিয় হওয়া ও প্রচেষ্টা অব্যাহত রাখা। তিনি বলেন, প্রশ্ন করতে দ্বিধা করবেন না। আমাদের প্রশ্ন করুন, সরকারের স্বচ্ছতা নিশ্চিত করুন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোসহ সরকারের পরিবেশবিষয়ক বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জোবায়ের বাবু বলেন, মুক্ত সাংবাদিকতা মানে যা খুশি তা বলা নয়; বরং আরও দায়িত্বশীল হওয়া। তরুণ প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আমরা যা করতে পারিনি, আপনারা তা করেছেন। আর আমরা যা করতে পারছি না, আগামীতে তা আপনারা করবেন।

সম্মেলনের মহাপরিচালক মো. আসিফুজ্জামান বলেন, আমরা এখানে একে অপরকে যুক্তিতে হারানোর জন্য আসিনি; আমরা এসেছি বিভক্ত পৃথিবীকে এক করার মহৎ চিন্তায় একতাবদ্ধ হতে।

ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক রেদোয়ান আহমেদ বলেন, দুই দিনের সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন তরুণদের ভাবনার চর্চা থেমে না যায়, সেটিই আমাদের চেষ্টা। সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণেরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় নেতৃত্ব দেবেন। তার ভাষায়, বিওয়াইএমইউএনের প্রকৃত সাফল্য মাপা হবে সেখানেই।

‘নীতি ও তারুণ্যের সংযোগ’ (Where Policy Meets Youth) স্লোগানে আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মাধ্যমে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন’। দেশের সব বিভাগের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধিরা ছয়টি কমিটিতে অংশ নেন: ফ্ল্যাগশিপ কমিটি জাতীয় সংসদ, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক), ইউনিসেফ এবং ইন্টারন্যাশনাল প্রেস।

সম্মেলনের প্ল্যাটিনাম স্পন্সর ছিল এসএসএল। সহযোগী হিসেবে ছিল মিডিয়া পার্টনার সময় টিভি, ডিজিটাল মিডিয়া পার্টনার দ্য ফ্রন্ট পেজ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর এবং হসপিটালিটি পার্টনার কায়া ঢাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা