প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৪ পিএম
ছবি: বেসিস
আর্থিক ও সদস্য অডিট সম্পন্ন করে দ্রুত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনের দাবি জানিয়েছে বেসিস সংস্কার পরিষদ।
আজ রবিবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ফার্মগেটের কেআইবিতে অনুষ্ঠিত পরিষদের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক রোকমুনুর জামান রনি এবং সঞ্চালনা করেন সদস্যসচিব নাদিম ভুঁইয়া হৃদয়।
সভায় বেসিস ও দেশের আইসিটি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা-পর্যালোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিটি খাতের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সভায় বিভিন্ন বিষয়ভিত্তিক উপকমিটি গঠন করা হয়।
এর আগে সভার শুরুতে বেসিস সংস্কার পরিষদের অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মাদ তাপিত হাসান চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ফৌজিয়া নিগার সুলতানা ও মো. রওশান কামাল জেমস। সভায় সদস্যদের উদ্দেশে ‘রান টুগেদার-গ্রো টুগেদার’ (RUN TOGETHER- GROW TOGETHER) শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান। প্রেজেন্টেশন শেষে উপস্থিত সদস্যরা এ বিষয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা বেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফেরদোস আলম ইপন ও আবু তাহের, যুগ্ম সদস্যসচিব রাশেদুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য খো: শামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন ও আলাউদ্দিন।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক রোকমুনুর জামান রনি আগামী ৩ মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এ সময় তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সমৃদ্ধ করতে এবং সদস্যদের সুবিধার্থে সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।