× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের অর্থনীতিতে প্রয়োজন কাঠামোগত সংস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:০০ পিএম

বাংলাদেশের অর্থনীতিতে প্রয়োজন কাঠামোগত সংস্কার

বাংলাদেশে দারিদ্র্য কমার পরিবর্তে বাড়ছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে মধ্যবিত্ত শ্রেণি। একই সঙ্গে অর্থনৈতিক সংকটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে পরিবারগুলোর সক্ষমতাও কাঠামোগত সীমায় পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শুধু সংকটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া নয়, বরং অর্থনীতির কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদ ও গবেষকেরা।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর সিআইআরডিএপি (CIRDAP) মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (পিপিআরসি) ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘স্টেট অব দ্য রিয়েল ইকোনমি: ডাইনামিক্স অব রিভার্সালস অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন হোসেন জিল্লুর রহমান ও নামিরা শামীম।

হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্য বৃদ্ধির প্রবণতা ও মধ্যবিত্তের ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে পিপিআরসি ও বিশ্বব্যাংকের তথ্যে মিল রয়েছে। পিপিআরসির জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ অনুযায়ী, দেশে মাঝারি দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ২৭ দশমিক ৯ শতাংশ হয়েছে। একই সময়ে চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে। বৈষম্যও বৃদ্ধি পেয়েছে, যেখানে ব্যয়ভিত্তিক জিনি সহগ বেড়ে ০.৪৩৬ হয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১৮ শতাংশ পরিবার বা ৩ কোটি ১০ লাখ মানুষ ভঙ্গুর মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। তারা দারিদ্র্যসীমা ও মধ্যম আয়ের স্তরের মাঝামাঝি অবস্থানে থাকলেও স্থবির আয়, বাড়তি ব্যয় ও অর্থনৈতিক ধাক্কার কারণে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া দেশের প্রায় অর্ধেক পরিবারের অন্তত একজন সদস্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ায় ওষুধ ও চিকিৎসার পেছনে নিয়মিত অর্থ ব্যয় করতে হচ্ছে।

পিপিআরসির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি শুধু ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কার কারণে চাপে নেই; বরং উচ্চ দারিদ্র্য, কম বিনিয়োগ ও নিম্ন প্রবৃদ্ধির একটি কাঠামোগত ফাঁদেও আটকে রয়েছে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জঁ পেম বলেন, অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য, পাবলিক ফাইন্যান্স ও জ্বালানি দক্ষতায় অবিলম্বে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। সরবরাহব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য শ্রমবাজার এবং শিক্ষাব্যবস্থাকে বেসরকারি খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি। 

সিপিডির অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে আয়বৈষম্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। আগের মতো দ্রুত মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে পারছে না অর্থনৈতিক প্রবৃদ্ধি, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও দেখা যাচ্ছে।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, গত ২০ বছরে তৈরি পোশাক খাতের বাইরে অন্য খাতগুলো প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারেনি। ফলে তৈরি পোশাক রপ্তানির ওপর নির্ভরতা ৭৩-৭৫ শতাংশ থেকে বেড়ে ৮৪-৮৫ শতাংশে পৌঁছেছে। তিনি আরও বলেন, শুধু ডিগ্রি অর্জন এখন আর চাকরির নিশ্চয়তা দিচ্ছে না। সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা তরুণ প্রজন্মের জন্যও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, খাদ্যের মূল্যবৃদ্ধি ও ন্যূনতম মজুরির নিশ্চয়তা না থাকায় অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তৈরি পোশাক খাতে নারীদের কর্মসংস্থান কমে যাওয়ার প্রেক্ষাপটে বিকল্প কর্মসংস্থান, কৃষি-পরিবেশবান্ধব উদ্যোগ, শিশু যত্নকেন্দ্র এবং লিঙ্গ-সংবেদনশীল বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

সমাপনী বক্তব্যে হোসেন জিল্লুর রহমান বলেন, বিনিয়োগের স্থবিরতা ও সংস্কারহীন প্রাতিষ্ঠানিক কাঠামোর সংকট স্বীকার করে তা থেকে উত্তরণের উদ্যোগ নিতে হবে। এ জন্য অর্থনৈতিক গণতন্ত্র, প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি, মানসম্মত শিক্ষা, উৎপাদনশীলতার রূপান্তর এবং দ্রুত ফল পেতে শাসনব্যবস্থার সংস্কার—এই পাঁচটি স্তম্ভের সমন্বয়ে একটি ‘ট্রানজিশন কমপ্যাক্ট’ বা সংক্রান্তিকালীন সমঝোতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রের সীমাবদ্ধতা মূল্যায়নে বাস্তব অভিজ্ঞতার আলোকে পরিস্থিতি পর্যালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র, প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থার বিভিন্ন স্তরে হয়রানি একটি ব্যাপক অভিজ্ঞতায় পরিণত হয়েছে, যা মানুষের সক্ষমতা, উদ্যোগ ও স্বপ্নকে বাধাগ্রস্ত করে। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক শাসনব্যবস্থায় হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করাকে কাঠামোগত সংস্কারের অন্যতম প্রধান লক্ষ্য করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা