বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় শুক্রবার প্রধান অতিথির বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকট বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে অর্থের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুস সালাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। জনগণ সচেতন না হলে সরকারের কোনো উদ্যোগেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না।
আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিরোধী দলের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মসূচি নেই। বিপরীতে তারা লং মার্চের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করছে। ডেঙ্গু প্রতিরোধে জরিমানা থেকে আদায় করা অর্থ এ রোগে মারা যাওয়া দুস্থ ব্যক্তিদের পরিবারের মধ্যে বিতরণের প্রস্তাব প্রধানমন্ত্রীকে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় অতীতের সরকারের ব্যর্থতা ছিল। তারা দেশের সংকটকে অবহেলা করেছে। ঢাকা শহরের প্রধান দুটি সমস্যা হকার ও অটোরিকশা। এসব সমস্যা সমাধানে হকার ও অটোরিকশাচালকদের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো সমাধান হয়নি।
সরকার ও বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে শিগগিরই এসব সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু এখন বছরজুড়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। পরিস্থিতি মহামারি আকার ধারণ না করলেও হাসপাতালগুলোতে গেলে এর ভয়াবহতা বোঝা যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ ডেঙ্গুর চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। অনেক রোগীকে হাসপাতালের বারান্দা, মেঝে ও সিঁড়ির নিচে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে।
তিনি বলেন, সমন্বিত পদক্ষেপ ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে ডেঙ্গুর কাছে অসহায় হয়ে পড়া যাবে না। ডেঙ্গু প্রতিরোধী অভিযানে আদায় করা অর্থ এ রোগে মারা যাওয়া দুস্থ ব্যক্তিদের পরিবারের মধ্যে বিতরণ করা উচিত। ডেঙ্গুর ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সন্তোষজনক হলে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সরকারকে ভ্যাকসিন কেনার উদ্যোগ নিতে হবে।
হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, বিগত শাসনামলে ডেঙ্গু চিকিৎসার নামে নানা অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মশা মারার ওষুধ কেনা, ডেঙ্গু পরীক্ষার সরঞ্জাম সরবরাহে অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ, কৃত্রিম স্যালাইন সংকট এবং সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়ের মতো ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। সে সময় দুই সিটি করপোরেশন মশার লার্ভা নিধনের জন্য ডোবা, নালা ও জলাশয়ে ব্যাঙ ও হাঁস চাষের প্রকল্প গ্রহণ করে, যা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। নানা অনিয়মের কারণে তখন স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছিল। বর্তমান সরকার স্বাস্থ্যব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছে।
প্রতিযোগিতায় সরকারি দল কবি নজরুল সরকারি কলেজ বিরোধী দল কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মো. আতিকুর রহমান, সাংবাদিক প্রতীক ইজাজ, সাংবাদিক মো. মেহেদী হাসান ও সাংবাদিক জেনিয়া কবির সূচনা।