× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:২৮ পিএম

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীন জীবনযাপন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা করুণার পাত্র নন; তারা সমাজের সমান অধিকার ও মর্যাদার অধিকারী নাগরিক। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি নিরাপদ চলাচল ও স্বনির্ভর জীবনযাপনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ২০০টি সাদা ছড়ি বিতরণ করা হয়।

‘আলোকিত ডিজএবল্ড স্বনির্ভর সোসাইটি’ ও ‘প্রগতি প্রতিবন্ধী মানবকল্যাণ সংস্থা’র প্রতিনিধিদের হাতে এসব সাদা ছড়ি তুলে দেওয়া হয়। এ সময় সংগঠন দুটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো মানুষের মেধা, যোগ্যতা, স্বপ্ন কিংবা সম্ভাবনার সীমা নির্ধারণ করতে পারে না। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনসংগ্রাম, সাহস ও আত্মবিশ্বাস সবার জন্য অনুপ্রেরণার উৎস। তাদের প্রতি শুধু দয়া বা অনুকম্পা নয়, ভালোবাসা, সম্মান ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।

সাদা ছড়িকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি তাদের আত্মবিশ্বাসের প্রতীক। তবে শুধু সাদা ছড়ি বিতরণের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় না। নিরাপদ ফুটপাত, বাধামুক্ত চলাচলের পথ, প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সহজে সেবা পাওয়ার পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, রাস্তায় চলাচল, যানবাহনে ওঠানামা কিংবা সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। তাদের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নাগরিক সেবা গ্রহণ সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে ফরিদা খানম বলেন, সরকারি সেবা নিতে গিয়ে তারা যেন বৈষম্য, অবহেলা কিংবা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা