বাড়িভাড়া নিয়ে আইন থাকলেও এর প্রয়োগ নেই। প্রতীকী ছবি
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন কামাল আহমেদ। পরিবারের চার সদস্য নিয়ে থাকেন রাজধানীর বৌদ্ধ মন্দির এলাকায়। গত ১৩ আগস্ট হঠাৎ করেই তাকে বাসা ছাড়ার মৌখিক নোটিস দেন বাড়িওয়ালা। কিন্তু মাত্র ১৭ দিনের নোটিসে কোথায় বাসা পাবেন, খুঁজবেনই বা কখন! ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান তিনি। শেষ পর্যন্ত বাড়িওয়ালাকে অনেক বলে কয়ে আরও এক মাস সময় চেয়ে নেন বাড়িওয়ালার কাছে থেকে। অথচ ভাড়া নেওয়ার সময় ২ মাসের অগ্রিম ভাড়া দেওয়ার পাশাপাশি মৌখিক চুক্তি করেছিলেন, ২ মাস আগে বাসা ছাড়ার নোটিস দিতে হবে! খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, দুই হাজার টাকা বাড়তি ভাড়ার জন্য বাড়িওয়ালা চাইছেন নতুন ভাড়াটিয়া ওঠাতে।
এমন দুর্ভোগ আর চুক্তিভঙ্গের মুখোমুখি কেবল কামাল আহমেদকে নয়, রাজধানীর আরও অনেক ভাড়াটিয়াকেই হতে হয়েছে। যেমনÑ কুড়িল চৌরাস্তা এলাকার একটি ছোট ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসুমকে মাস পূর্ণ হওয়ার ২০ দিন আগেই স্ত্রীসহ বাসা ছাড়তে বলেন বাড়ির মালিক। লিফট না থাকলেও বাসার সার্ভিস চার্জ ও ভাড়াসহ ২ হাজার টাকা বাড়িয়ে তিনি সে বাসার জন্য আরেক ভাড়াটিয়া ঠিক করেন। অগত্যা মাসুমকে ওই টাকা বাড়তি দেওয়ার শর্তে বাসায় থাকার বিষয়টি নিশ্চিত করতে হয়।
রাজধানীতে ৭২ শতাংশই থাকেন ভাড়া বাসায়
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান-২০২৩-এর চূড়ান্ত প্রতিবেদন বলছে, দেশের সিটি করপোরেশনগুলোতে বসবাসকারীদের মধ্যে ৭২ শতাংশই ভাড়া বাসায় থাকেন। এসব এলাকায় নিজের বাসায় থাকেন মাত্র ২৫ দশমিক ৮৫ শতাংশ মানুষ। শহরের সিংহভাগ মালিক মৌখিক চুক্তিতে বাড়ি ভাড়া দেন। ভাড়ার বিপরীতে কোনো রসিদ দিতে চান না এবং প্রতিমাসে ভাড়া নেওয়ার সময়ে কোনো রসিদও দেন না।
ভাড়া বাড়ির চালচিত্র
রাজধানীতে জীবনযাপনের খরচ স্বভাবতই বিভাগীয় ও জেলা শহরগুলোর তুলনায় বেশি। ঢাকার কোনো এলাকাতেই ১৫ থেকে ১৮ হাজার টাকার নিচে কোনো ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় না। নানা রকম পরিষেবা বিল ও সার্ভিস চার্জ মিলিয়ে ভাড়া দাঁড়ায় ২০ থেকে ২৫ হাজার টাকা। এলাকাভেদে এ ভাড়া আবার ২৫ থেকে ৩৫ হাজার টাকাও। অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর নিম্নবিত্ত অধ্যুষিত বিভিন্ন টিনশেড বাড়িতে রুমপ্রতি ৫-৬ হাজার টাকা ভাড়া আদায় করা হয়ে থাকে। এসব বাসার অবস্থান বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান সড়ক থেকে বেশ ভেতরে। একটি বা দুটি টয়লেট-গোসলখানা আছে এসব বাসায়। সেগুলো ব্যবহার করতে হয় ১০টি বা তারও বেশি পরিবারকে, যা স্বাস্থ্যঝুঁকিরও বড় কারণ।
ভোক্তা অধিকার নিয়ে সক্রিয় সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ২৫ বছরে রাজধানীতে বাসা ভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। একই সময় নিত্যপণ্যের দাম যতটা বেড়েছে, সেই তুলনায় বাসা ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। সংগঠনটির অন্য এক পরিসংখ্যান বলছে, ঢাকার ২৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ শতাংশ ভাড়াটিয়া প্রায় ৫০ শতাংশ, ১২ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৭৫ শতাংশ ব্যয় করেন বাসা ভাড়া পরিশোধে।
আইনের কতটা প্রতিফলন ঘটছে
ভাড়াটিয়ারা বলছেন, বাড়ির মালিক যখন-তখন ভাড়া বাড়ালেও বিষয়টি দেখার কেউ নেই। বাংলাদেশে প্রিমিসেস রেন্ট কন্ট্রোল অ্যাক্ট-১৯৯১ থাকলেও এর কোনো বাস্তবায়ন নেই। ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১’-এর ১০ ধারায় বলা হয়েছে, বাসা মালিকরা সর্বোচ্চ এক মাসের ভাড়া অগ্রিম নিতে পারবেন। এর ব্যতিক্রম ঘটলে জরিমানা হতে পারে ২ হাজার টাকা, যা পরে বাড়ানোও হতে পারে। তবে এ আইন সঠিকভাবে না মানার অভিযোগ রয়েছে। জানা গেছে, রাজধানীতে ভাড়াটিয়াদের কাছ থেকে দুই থেকে তিন মাসের ভাড়া অগ্রিম নেওয়া হচ্ছে।
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ কার্যকর করতে ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নামের একটি সংগঠন জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করে। রিট আবেদনটির পরিপ্রেক্ষিতে রুল ও চূড়ান্ত শুনানি শেষে ২০১৫ সালের ১ জুলাই আদালত রায় দেন। রায়ে বলা হয়, বিদ্যমান আইনটি কার্যকর না হওয়ায় ভাড়াটেদের সুরক্ষা দেওয়া যাচ্ছে না। রায়ে সারা দেশে এলাকাভেদে সর্বোচ্চ ও সর্বনিম্ন বাড়িভাড়া নির্ধারণের জন্য সরকারকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। রায় ঘোষণার ছয় মাসের মধ্যে কমিশন গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু রায় ঘোষণার পরও বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠিত হয়নি।
এ মামলার জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওই সময়ে বাড়িভাড়া সংক্রান্ত মামলাটি উচ্চ আদালত থেকে রায় হয়ে গিয়েছিল। বিচারপতি বজলুর রহমান ২০১৭ সালে এ রায় দেওয়ার পর স্বাক্ষর করার আগেই মৃত্যুবরণ করেন। এরপর নিয়ম অনুযায়ী এ ফাইলটি প্রধান বিচারপতির কাছে যায়, তিনি রায়টি পুনরায় শুনানির জন্য পাঠান। এখন অবকাশকালীন ছুটির পর আমরা মামলাটি পুনরায় কোর্টে দেব। এখনও কোর্ট চূড়ান্ত হয়নি।’ এই আইনজীবী আরও বলেন, ‘আদালত বাড়িভাড়া সংক্রান্ত আইনে একটি চূড়ান্ত নির্দেশনা দিলে সব পক্ষের জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে।’