বিক্ষোভ করছেন পদ্মা ব্যাংকের গ্রাহকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেয়াদ শেষ হওয়ার পরও আমানতের টাকা ফেরত না পাওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন পদ্মা ব্যাংকের গ্রাহকরা।
ঢাকার মতিঝিলে বুধবার সকালে আয়োজিত এ কর্মসূচি থেকে আমানত ফেরতের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আর্থিক সংকটে থাকা ব্যাংকটিকে তারল্য সহায়তা দেওয়ার দাবি জানান তারা।
নিজেদের সঞ্চয় ফিরে পেতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
সকাল ১০টার দিকে মানববন্ধন চলাকালে গ্রাহকদের একটি দল বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন।
গ্রাহকদের ভাষ্য, তারা গভর্নরের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। তবে গভর্নর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিতে থাইল্যান্ডে থাকায় তার কার্যালয়ে স্মারকলিপি জমা দেন তারা।
স্মারকলিপিতে স্বাক্ষরকারী জাকির হোসেন বলেন, অন্য ব্যাংকের আমানতকারীদের মতো পদ্মা ব্যাংকের গ্রাহকরাও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করেন। ব্যাংকটিকে তারল্য সহায়তা দেওয়া হলে আমানত ফেরতের ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা তাদের। আপাতত অপেক্ষা করবেন জানিয়ে জাকির হোসেন বলেন, দাবি পূরণ না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।
স্মারকলিপিতে গ্রাহকরা জানান, তাদের অনেকে পেনশনের টাকা, চিকিৎসার জন্য জমানো অর্থ এবং সম্পদ বিক্রি করে পাওয়া অর্থ পদ্মা ব্যাংকে রেখেছিলেন। মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ সময় পরও আমানত ফেরত না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন।
টাকা তুলতে গিয়ে ব্যাংকের শাখায় বারবার হয়রানির শিকার হওয়ার অভিযোগও করেছেন তারা।
ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করা পদ্মা ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। ২০১৯ সালে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক আমানতকে শেয়ারে রূপান্তর করে ব্যাংকটির মালিকানায় যুক্ত হয়।
বর্তমানে ব্যাংকটির প্রায় ৬৮ শতাংশ শেয়ার এই চার ব্যাংকের হাতে। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও (আইসিবি) ব্যাংকটির শেয়ার কিনেছে।
ব্যাংকটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে বিতরণ করা ৫ হাজার ৫৯৮ কোটি টাকার ঋণের মধ্যে ৫ হাজার ১৩১ কোটি টাকাই খেলাপি ছিল।
অর্থাৎ, মোট ঋণের ৯১ শতাংশের বেশি খেলাপিতে পরিণত হয়। ওই সময়ে ব্যাংকটির আমানত ছিল ৬ হাজার ৩৪৭ কোটি টাকা এবং পরিচালন ক্ষতি ছিল ৩৪১ কোটি ৪২ লাখ টাকা। বর্তমানে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৩ কোটি টাকায়।
এর আগে ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, পদ্মা ব্যাংক বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। বরং ব্যাংকটির কার্যক্রম আরও সচল করার চেষ্টা চলছে।
এ পরিস্থিতিতে আমানত ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন পদ্মা ব্যাংকের গ্রাহকরা।
তাদের দাবি, আমানত ফেরতের কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাংকটিকে তারল্য সহায়তা দিতে হবে।