প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:১৪ পিএম
ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি জানান, আজ বুধবার বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।