গ্রেপ্তার হওয়া মাসুদ করিম।
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যক্তিকে ভিজিট ভিসায় নিয়ে আটকে রাখা এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মানিলন্ডারিং মামলায় মাসুদ করিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকার পল্টন থানার পলওয়েল মার্কেট এলাকা থেকে মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ করিম শরীয়তপুরের সখিপুর থানার মনাই হাওলাদার কান্দি (চরভাগা) গ্রামের বাসিন্দা। তিনি তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক।
মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই ব্যক্তিকে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় নেওয়ার প্রতিশ্রুতি দেন মাসুদ করিম। তবে তাদের ভিজিট ভিসায় দেশটিতে নেওয়া হয়। পরে বিমানবন্দর থেকে বাইরে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় তাদের।
অভিযোগ অনুযায়ী, আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
এ সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি ভয়ভীতি দেখানো হয়। পরে ভুক্তভোগীদের একজন এ ঘটনায় থানায় মামলা করেন।
সিআইডির অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগীদের মুক্তির বিনিময়ে ব্যাংক হিসাবের মাধ্যমে দুই লাখ টাকা আদায় করা হয়। মানব পাচার, অপহরণ ও মুক্তিপণের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে অনুসন্ধান শেষে মাসুদ করিম ও তার মালিকানাধীন তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করা হয়।
২০২৬ সালের ১২ মার্চ পল্টন থানায় মামলাটি করা হয়। এর নম্বর ২০। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী, ২০১৫)-এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, মামলাটির তদন্ত চলছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তি, পলাতক অভিযুক্ত এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত করার পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিদেশে কর্মসংস্থান ও ভ্রমণের ক্ষেত্রে প্রতারণা এড়াতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিআইডি।
সংস্থাটি বলেছে, যাচাই-বাছাই ছাড়া কাউকে অর্থ বা পাসপোর্ট দেওয়া যাবে না। বিদেশযাত্রায় সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে হবে। ভিসা জালিয়াতি, মানব পাচার কিংবা অবৈধ অভিবাসনের সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে জানাতে হবে।