প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২২:১৬ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ২২:১৮ পিএম
পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন লাগার শুরুর দিকের দৃশ্য। ছবি: ফায়ার সার্ভিস
পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে লাগা আগুন ৫ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। এলাকার সরু গলি এবং পানির তীব্র সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সংস্থাটির ১০টি ইউনিট একযোগে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের ৫ ঘণ্টার চেষ্টাতেও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মার্কেটের আশপাশের গলি অত্যন্ত সরু হওয়ায় এবং প্রয়োজনীয় পানির সংকট থাকায় আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।
এর আগে সোমবার বিকেল ৫টা ২ মিনিটের দিকে চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠানো হয়। বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথমে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে ভবনের ওপরের তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।