দেশীয় ক্ষুদ্র ও কুটিরশিল্পের বৈচিত্র্য তুলে ধরতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত শরৎ মেলা-২০২৬-এ অংশ নিয়েছে ভেলমিরা বিডি। মেলার ২৯ নম্বর স্টলে প্রতিষ্ঠানটি প্রদর্শন করছে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য।
ঢাকার তেজগাঁওয়ে বিসিক ভবনে ৭ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী এ মেলা শুরু হয়।
মেলায় ভেলমিরা বিডির স্টলে রয়েছে পোশাক, পাটজাত পণ্য, ঐতিহ্যবাহী গহনা, চামড়াজাত পণ্য, খাদ্যদ্রব্য ও হস্তশিল্প। এ ছাড়া জামদানি, শীতলপাটি ও নকশিকাঁথার মতো ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যও প্রদর্শন করা হচ্ছে।
ভেলমিরা বিডির কর্ণধার নারী উদ্যোক্তা মাবিয়া খাতুন মিরা বলেন, দেশজুড়ে বিভিন্ন উদ্যোক্তার তৈরি পণ্যের পাশাপাশি বিসিকের নকশা অনুসরণে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত নারী কারিগরদের তৈরি পণ্যও মেলায় প্রদর্শন করা হয়েছে। এসব পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।
তিনি বলেন, ভেলমিরা বিডির ২৯ নম্বর স্টলে প্রদর্শিত দেশীয় পণ্যের বৈচিত্র্য ও কারুকাজ দেখে দর্শনার্থীরা আনন্দিত হচ্ছেন।
মাবিয়া খাতুন মিরা আরও বলেন, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বিক্রির জন্য বিসিক বছরজুড়ে ঢাকাসহ নরসিংদী, বরিশাল ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত মেলার আয়োজন করে থাকে।