ঢাকার নগর ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৬৮টি পূজা মণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
ঢাকার নগর ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার দেশ উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়- তারা সবাই বাংলাদেশি।
পূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে নগরজুড়ে প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাসও দেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, পূজা উপলক্ষে শহরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের বিষয়গুলো পূজার আগেই জরুরি ভিত্তিতে সমাধান করা হবে।
এ ছাড়া পূজা শুরুর তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ চালু করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির এ উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শহরের সব পূজা মণ্ডপের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে, তা পূজার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের পাশাপাশি সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।