প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৭:৫৪ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। ছবি: উইকিপিডিয়া
উড্ডয়নের পর সামনের ল্যান্ডিং গিয়ারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকাগামী ফ্লাইট বিজি-৪৩৬।
শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এ ঘটনায় সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পর উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ারে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ অবস্থায় পাইলট জরুরি বার্তা পাঠান। নিরাপদ অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে উড়োজাহাজটি কিছু সময় আকাশে চক্কর দেয়।
এদিকে, জরুরি অবতরণের প্রস্তুতির কারণে শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। এ সময় বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত ছিল। পরে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।
এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী বিজি-৪৩৬ ফ্লাইটটি অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে কিছুটা বিলম্বিত হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
ফ্লাইটে বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।