ডিএনসিসির উদ্যোগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২২:০৯ পিএম
মেট্রোরেলের পিলারে গ্রাফিতি। ফাইল ছবি
মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি আঁকার নতুন কর্মসূচি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার রাজধানীর মিরপুর-১০ হতে শেওড়াপাড়া পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশের ইতিহাস রচনায় আত্মত্যাগকারীদের অবদান স্মৃতিতে ধরে রাখতে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ ক্যাম্পেইনে নগরবাসীকে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।
অংশগ্রহণকারীদের ডিএনসিসির পক্ষ থেকে রঙতুলি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. শফিকুল ইসলাম জানান, জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও মেট্রোরেলের পিলারে আঁকা হবে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিও গ্রাফিতিতে স্থান পাবে। ডিএনসিসি প্রশাসকের ভাষ্য, ইতিহাসে যার যতটুকু অবদান রয়েছে, তা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হবে, এ নিয়ে রাজনীতি করা হবে না।
মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেছিলেন ডিএনসিসি প্রশাসক। স্থানীয় নেতাদের বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই পোস্টার অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
অটোরিকশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন কাজ করছে জানিয়ে প্রশাসক আরও বলেন, মিরপুর-১০সহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল ফুটপাত অবৈধ হকারমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একটা বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা আছে দাবি করে অটোরিকশা চালকদের পক্ষে তার বক্তব্যকে হাস্যকর আখ্যা দেন ডিএনসিসি প্রশাসক।