সংবাদ সম্মেলনে অভিযোগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিরপুর-১ নম্বর এলাকায় লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজির ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন বৃহত্তর মিরপুর লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়নের নেতারা।
ঢাকার মিরপুর-১ এলাকায় লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়কে কেন্দ্র করে কয়েকজন লেগুনামালিককে মারধরের অভিযোগ উঠেছে।
প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ৩০০ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় ৬০ থেকে ৭০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায় বলে দাবি করেছেন বৃহত্তর মিরপুর লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াকুব আলী।
তার অভিযোগ, মারধরের পর উল্টো তাঁকেই চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইয়াকুব আলী। তিনি হামলার নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
ইয়াকুব আলী বলেন, গত ৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে তার লেগুনার চালক গাড়িতে সমস্যার কথা জানালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে প্রতিটি গাড়ি থেকে ৩০০ টাকা চাঁদা দাবি করা হয়। আপত্তি জানালে তাকে এবং নজরুল ইসলাম ও বাবুল নামের আরও দুই লেগুনামালিককে মারধর করা হয়।
একপর্যায়ে আগ্নেয়াস্ত্র বের করে তাদের গুলি করার হুমকি দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরায় অস্ত্র বের করার দৃশ্য ধারণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইয়াকুব আলীর ভাষ্য, মারধরের পর তাকে দারুস সালাম থানায় সোপর্দ করা হয়। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে আদালতে পাঠানো হলেও চাঁদাবাজির অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ না পাওয়ায় তিনি মুক্তি পান।
হামলার ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান ইয়াকুব আলী।
তবে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন একটি গণমাধ্যমকে জানান, মারধরের সময় ইয়াকুব আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে তদন্তের পর তাকে আদালতে পাঠানো হয়।
অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি না থাকায় থানায় তার অভিযোগ নেওয়া হয়নি। জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি।
ইউনিয়নের অভিযোগ, ঢাকা-১৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এ সিদ্দিক সাজুর অনুসারী হিসেবে পরিচিত একটি গোষ্ঠী মিরপুর-১ এলাকার পাঁচটি লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। মাসে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও করেছে সংগঠনটি।
কাঁচাবাজার, ফুটপাত, ভ্যানগাড়ি রাখার জায়গা এবং বিদ্যুৎ-পানির ব্যবসা থেকেও চাঁদা আদায়ের অভিযোগ করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।
অভিযোগ প্রত্যাখ্যান করে সোলেমান দেওয়ান একটি গণমাধ্যমে বলেন, মারধরের ঘটনায় তিনি জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে হেয় করতে অপপ্রচার চালানো হচ্ছে।
এস এ সিদ্দিক সাজুও ওই গণমাধ্যমে দাবি করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ওই ঘটনায় জড়িত নন।