প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৩২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৪২ পিএম
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে রাকিব হত্যার বিষয়ে জানান।
ঢাকার কাফরুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলামকে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মুক্তিপণের টাকা আদায়ের জন্য বাসায় ডেকে নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে রাকিবের ঘাড় মটকে দেন মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকার (২৪)।
এতে তার মৃত্যু হলে মরদেহ কার্টনে ভরে নীলফামারীর ডিমলায় নিজ বাড়ির সামনে সুপারি বাগানে মাটিচাপা দেওয়া হয়।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বুধবার এসব তথ্য জানান। এ ঘটনায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে হোয়াটসঅ্যাপে কল করে রাকিবকে বাসার বাইরে ডেকে নেওয়া হয়। পরে তার পরিবারের কাছে ফোন ও অনলাইন যোগাযোগমাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা চারটি বিকাশ ও তিনটি নগদ নম্বরে মোট ৪ লাখ টাকা পাঠান বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় রাকিবের বড় ভাই জহুরুল ইসলাম জীবন কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা হলে তদন্তে নামে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মুক্তিপণ দাবিতে ব্যবহৃত দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের ব্যবহারকারী হিসেবে মামুনকে শনাক্ত করা হয়। ৫ অক্টোবর শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মামুন জানান, কয়েক মাস আগে অনলাইনে রাকিবের সঙ্গে তার পরিচয় হয়। ১৬ সেপ্টেম্বর তাকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে থেকে শুক্রাবাদে নিজের বাসায় নিয়ে যান। সেখানে মুক্তিপণের টাকা আদায়ের জন্য চাপ দেওয়ার একপর্যায়ে ধস্তাধস্তি হলে রাকিবের ঘাড় মটকে দেন তিনি।
পরে মরদেহ কার্টনে ভরে বিভিন্ন যানবাহনে নীলফামারীর ডিমলায় নিয়ে ১৭ সেপ্টেম্বর বাড়ির সামনে সুপারি বাগানে মাটিচাপা দেওয়া হয়। মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ডিমলা থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরে রাকিবের বড় ভাই মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় মামুনের কাছ থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না এবং মুক্তিপণের অর্থ লেনদেনসহ ঘটনার অন্যান্য বিষয় তদন্ত করছে পুলিশ।