প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৭:৩৫ পিএম
তেজগাঁওয়ে বিসিক ভবনে ‘বিসিক শরৎ মেলা-২০২৬’-এর উদ্বোধন করছেন প্রধান অতিথি ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পাশে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংরাদেশ
বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্য তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ‘বিসিক শরৎ মেলা-২০২৬’।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে তেজগাঁওয়ে বিসিক ভবনে বুধবার এই মেলার উদ্বোধন করা হয়।
মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশীয় সিএমএসএমই (কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি) শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এই মেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনের পর দেশের বিভিন্ন অঞ্চলের পণ্যভিত্তিক প্রকাশনা ‘কারুপণ্য’-এর মোড়ক উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমাদের দেশের কারিগরদের জন্মগত যে মেধা রয়েছে, তা কাজে লাগিয়ে উদ্যোক্তারা নজরকাড়া পণ্য তৈরি করছেন। তৈরি পোশাক বা অন্যান্য চাকরির চেয়ে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে আরও ভালো করতে পারেন, সেজন্য বিসিক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। শুধু পণ্য তৈরি করলেই হয় না, মানুষের সামনে তুলে ধরতে প্রচারও প্রয়োজন। প্রচার ও বিপণন সুবিধা বাড়ানোর মাধ্যমে কুটির শিল্পের বাজার অনেক সম্প্রসারিত হবে।”
দেশীয় পণ্যের চাহিদার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জামালপুরের নকশিকাঁথা, শীতলপাটি, মাটির তৈজসপত্র ও টেরাকোটার মতো ঐতিহ্যবাহী পণ্যের কদর এখনো কমেনি। প্রযুক্তির ভিড়ে আধুনিক মানুষ আবার প্রকৃতির কাছে ও সনাতন পদ্ধতির সুস্থ-সুন্দর জীবনযাত্রায় ফিরে আসছে। এসব কাজ সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে পিছিয়ে পড়া নারীসমাজ ঘরে বসে এসব কাজ করে আত্মনির্ভরশীল হচ্ছে এবং পরিবার ও সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, বিসিকের হাত ধরেই দেশের সিএমএসএমই খাত এগিয়ে চলছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে পণ্যের প্রচারের জন্য সংস্থাটি নানামুখী উদ্যোগ নিচ্ছে, মেলা আয়োজন যার অন্যতম। বিসিক সবসময়ই উদ্যোক্তাদের পাশে থেকে বাজার সম্প্রসারণে কাজ করে যাবে।
সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, উদ্যোক্তাদের পণ্যের প্রসারে প্রতি মাসেই মেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিক। বর্তমান সরকারের সৃজনশীল অর্থনীতির পরিকল্পনা এবং ‘একটি গ্রাম-একটি পণ্য’ উদ্যোগ বাস্তবায়নে বিসিক নিরলসভাবে কাজ করে চলেছে।
মেলা আয়োজকরা জানান, দেশীয় শিল্পের উন্নয়ন, পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। পাঁচ দিনের এই মেলায় মোট ৬০টি স্টল রয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি বস্ত্রজাত, ৮টি পাটজাত, ৬টি গহনা, ৫টি খাদ্যজাত, ৩টি চামড়াজাত, ৩টি মধু, ৪টি গৃহসজ্জা এবং ২টি বাঁশ ও বেতজাত পণ্যের স্টল।
এছাড়া ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য প্রদর্শনীর জন্য নির্ধারিত ৭টি স্টলে জামদানি, শতরঞ্জি, শীতলপাটি, নকশিকাঁথা ও রাজশাহী সিল্ক স্থান পেয়েছে। মেলায় বিসিক নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা। দর্শনার্থীদের বিসিকের কার্যক্রম সম্পর্কে জানাতে মেলা প্রাঙ্গণে তথ্য কেন্দ্র ও নকশা কেন্দ্রের পৃথক স্টলও রাখা হয়েছে। মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।