মিটফোর্ডে দুই দোকানে আদালতের অভিযান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২২:১৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ২২:১৪ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
পুরান ঢাকার মিটফোর্ড এলাকার আহসান মার্কেটের দুটি দোকানের ভাড়া নিয়ে দীর্ঘদিনের বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতের ডিক্রি বাস্তবায়নে উচ্ছেদ অভিযান চালিয়ে একটি দোকানের দখল মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে অন্য দোকানটি খালি করার সময় আপিল আদালতের স্থগিতাদেশের কপি পাওয়ায় সেখানেই থেমে যায় উচ্ছেদ কার্যক্রম।
বংশাল থানাধীন আহসান মার্কেটের নিচতলার ১ ও ৯ নম্বর দোকানে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ঢাকার সিভিল জজ আদালত-৪-এর পক্ষে জারিকারক রাজু আহমেদের নেতৃত্বে অভিযানে বংশাল ও কোতোয়ালি থানার পুলিশ এবং পিওএমের সদস্যসহ মোট ৩৪ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, আহসান মার্কেটের মালিক এএইচএম মাহফুজুল হক দোকান দুটির দখল ফিরে পেতে ৩৬৯/২০২৬ ও ৩৯৩/২০২৬ নম্বর দেওয়ানি মামলা করেন। মালিকপক্ষের অভিযোগ, দোকান দুটির ভাড়াটিয়ারা ছয় থেকে সাত বছর ধরে ভাড়া পরিশোধ করছেন না। স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও সমাধান না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তারা।
এর মধ্যে ১ নম্বর দোকানের ভাড়াটিয়া শাখাওয়াত হোসেন মঞ্জু গত রোববার স্বেচ্ছায় দোকানটির দখল মালিককে বুঝিয়ে দেন। সোমবার আদালতের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে আনুষ্ঠানিকভাবে দোকানটির দখল ডিক্রিধারী পক্ষকে বুঝিয়ে দেন।
অন্যদিকে ৯ নম্বর দোকান খালি করতে গেলে বর্তমান ভাড়াটিয়া মো. আনোয়ার হোসেন লাবু জানান, ৩৬৯/২০২৬ নম্বর দেওয়ানি মামলার রায়ের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে ২৭২/২০২৬ নম্বর দেওয়ানি আপিল করা হয়েছে। ওই আপিলের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত রয়েছে বলেও জানান তিনি।
প্রথমে স্থগিতাদেশের কোনো নথি দেখাতে পারেননি লাবু। পরে আদালতের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের পর প্রয়োজনীয় কাগজ সংগ্রহের জন্য তাকে সময় দেওয়া হয়। তিনি আদালতে গেলে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তার মোবাইল ফোন থেকে স্থগিতাদেশের কপি ঘটনাস্থলে থাকা আদালতের প্রতিনিধির কাছে পাঠানো হয়।
আদালতের প্রতিনিধি রাজু আহমেদ বলেন, আদালতের ডিক্রি বাস্তবায়ন করতেই তারা উচ্ছেদ কার্যক্রমে এসেছিলেন। দুটি দোকানের মধ্যে একটি দোকান ভাড়াটিয়া ছেড়ে দিয়েছেন। অন্য দোকানটির বিষয়ে দেওয়ানি আপিল ২৭২/২০২৬ নম্বর মামলা থাকায় এবং নিম্ন আদালতের কার্যক্রম ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত থাকায় সেটি খালি করা সম্ভব হয়নি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ অভিযোগ করেন, বিবাদীপক্ষ নিম্ন আদালতকে আপিল ও স্থগিতাদেশের বিষয়টি না জানিয়ে এবং তথ্য গোপন করে স্থগিতাদেশ নিয়েছে। তাঁর দাবি, নিম্ন আদালতের পাশাপাশি জারিকারককেও আপিলের বিষয়টি অবহিত করা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা ‘ডিফল্টার ভাড়াটিয়া’ হওয়া সত্ত্বেও নিয়মিত ভাড়া পরিশোধ করছেন না এবং বকেয়া ভাড়া পরিশোধেরও কোনো কার্যকর উদ্যোগ নেননি।
তবে এসব অভিযোগের বিষয়ে ভাড়াটিয়া আনোয়ার হোসেন লাবু বলেন, “হেলেনা হাসান নামে এক ভদ্র মহিলার কাছ থেকে দোকানটির পজিশন কিনেছেন। যিনি সাবেক জমিদারের কাছ থেকে পজিশন কিনে নিয়েছিলেন। নিম্ন আদালতের রায়ের পর আমরা উচ্চ আদালতের আশ্রয় নিয়েছি।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের পুরো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
মামলা-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এএইচএম মাহফুজুল হক ২০০৯ সালে ক্রয়সূত্রে আহসান মার্কেটের মালিক হন। পরে নিচতলার দোকানগুলো বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়। ১ ও ৯ নম্বর দোকানের ভাড়া নিয়ে দীর্ঘদিনের বিরোধই শেষ পর্যন্ত আদালতের ডিক্রি বাস্তবায়ন ও আপিলের স্থগিতাদেশ পর্যন্ত গড়িয়েছে।