প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:১৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:১৬ পিএম
নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজা মণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছে ডিএসসিসি।
নগর ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার এবং এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়- তারা সবাই বাংলাদেশি।
দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের বিষয়গুলো পূজার আগেই জরুরি ভিত্তিতে সমাধান করা হবে।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে। পূজা চলাকালে যেকোনো সমস্যা দ্রুত সমাধানে এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়েও বড় বিষয় হলো, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শহরের সব পূজা মণ্ডপের প্রতিনিধিদের ডেকে এনে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে। এটি পূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের আমন্ত্রিত প্রতিনিধিরা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।