× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে বিশেষ আইন চায় ৩ সংগঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২২:২৫ পিএম

দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে বিশেষ আইন চায় ৩ সংগঠন

কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন ও পাচারকৃত অর্থ উদ্ধারে প্রয়োজনীয় নীতিগত সংস্কারের দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি ও বিশেষ আইনের খসড়া জমা দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিন সংগঠনের যৌথ প্রতিনিধি দল স্পিকারের দপ্তরে এসব প্রস্তাব জমা দেয়। পরে জাতীয় সংসদের দক্ষিণ গেটসংলগ্ন মানিক মিয়া এভিনিউতে প্রেস ব্রিফিং করা হয়। 

প্রতিনিধি দলে ছিলেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার নজরুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

প্রেস ব্রিফিংয়ে হাসনাত কাইয়ূম অভিযোগ করে বলেন, দেশের বর্তমান বেকারত্ব দূরীকরণ, দুর্নীতি রোধ ও টেকসই অর্থনৈতিক সংস্কারে সরকারের চরম অনীহা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন বহুদিন ধরে পাচার ও দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের কথা বলছে। ভূমিহীন আন্দোলন প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করছে। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন বলছি, অর্থনৈতিক সংস্কার ছাড়া জাতির মুক্তি নেই। এ ইস্যুতে তিন সংগঠন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষের প্রধান প্রত্যাশা ছিল অর্থনৈতিক সংকট নিরসন ও বেকারত্ব হ্রাস। কিন্তু পাচারকৃত অর্থ উদ্ধার এবং প্রান্তিক উদ্যোক্তাদের সহজ শর্তে মূলধন দেওয়ার ক্ষেত্রে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা যখন এসব দাবিতে মাঠে নামতে চেয়েছি এবং আইনের খসড়া দিয়ে সরকারকে সহায়তা করতে চেয়েছি, তখন সরকার পুলিশ ব্যবহার করে আমাদের থামিয়েছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে প্রথম যে সমাবেশটি পুলিশি বাধায় বাতিল হলো, সেটি ছিল আমাদের তিন সংগঠনের অর্থনৈতিক সংস্কার সংক্রান্ত গণসমাবেশ।

হাসনাত কাইয়ূম বলেন, আজ আমরা স্পিকার সাহেবের অফিসে আইনের খসড়া জমা দিয়েছি। এখানেও নানা অসহযোগিতা ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অর্থনৈতিক সংস্কার, পাচার ও দুর্নীতি বিরোধী আলাপে সরকারের কেন এত গা জ্বলে? এসব বাধা ও প্রতিবন্ধকতা মূলত লুটেরা, পাচারকারী ও দুর্নীতিবাজদের সুবিধা দেওয়ারই শামিল। সরকার অবিলম্বে প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে উদ্যোগী না হলে ভবিষ্যতে গণমানুষকে সংসদ দখল করে নিজেদের অধিকার আদায় করতে হবে।

প্রস্তাবিত বিশেষ আইনের খসড়ায় চারটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। এগুলো হলো—লুটপাট ও অর্থ পাচার বন্ধ এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বিশেষায়িত স্বাধীন সংস্থা গঠন; লুটপাটকারী ও পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন; বেকারত্ব নিরসনে উদ্ধারকৃত অর্থ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সুদমুক্ত ঋণ হিসেবে বিতরণ; এবং দুর্নীতিবাজ ও পাচারকারীদের বাজেয়াপ্ত সম্পদ বিক্রি করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ রাষ্ট্রীয় তহবিল গঠন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নদী, পরিবেশ, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ রানা, নারী বিষয়ক সহ-সম্পাদক মনোয়ারা রহমান, নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম ও খন্দকার হাবিব রাজা, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক রাশিদা বেগম প্রমুখ।

উল্লেখ্য, অর্থনৈতিক সংস্কারের দাবিতে গত ২২ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে তিন সংগঠনের গণসমাবেশের কর্মসূচি প্রশাসনিক বাধার কারণে বাতিল হয়। ওই কর্মসূচির ধারাবাহিকতায় এবার স্পিকারের দপ্তরে প্রস্তাবিত আইনের খসড়া জমা দেওয়া হলো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা