প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:১১ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার সময় জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বড় ধারালো ছুরি জব্দ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেটের লিফটের সামনে এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন জাকির হোসেন। ওই নারীকে ভয়ভীতি দেখানোর বিষয়টি স্টেশনে টহলরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে।
বিষয়টি দেখতে পেয়ে তিনি এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে দ্রুত সেখানে অভিযান চালান এবং ঘটনাস্থল থেকেই জাকির হোসেনকে হাতেনাতে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পরপরই বিষয়টি মতিঝিল মেট্রোরেল স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়। পরে তার উপস্থিতিতে জব্দ করা ছুরিসহ আটক জাকির হোসেনকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করেন আনসার সদস্যরা।