মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:৫৬ পিএম
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মোহাম্মদ জাকারিয়া মোল্লা (৬৩) নামের এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দী ছিলেন।
সোমবার ভোর পাঁচটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে জাকারিয়া মোল্লা অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক হাসপাতালে ভর্তি নেওয়ার নির্দেশ দেন। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত জাকারিয়া মোল্লার কয়েদি নম্বর ছিল ১৭৯৮/এ। তার বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা এবং বাসা ঢাকার পিলখানা বিডিআর এলাকায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
হাবিবুর রহমান আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।