সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুটপাতের দেয়ালে স্থান পেয়েছে শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা দেশের ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি।
ঢাকার সেগুনবাগিচায় দীর্ঘদিন দখলে থাকা ফুটপাত উদ্ধার করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুধু দখলমুক্ত করেই থেমে থাকেনি সংস্থাটি; সংস্কার করা ফুটপাতে নতুন ডাস্টবিন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ ও সীমানা প্রাচীর সংস্কারের পাশাপাশি গড়ে তোলা হয়েছে একটি সাংস্কৃতিক আবহ।
সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুটপাতের দেয়ালে স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন, সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা দেশের ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি।
সোমবার সকালে সেগুনবাগিচায় উদ্ধার করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকার সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। হকারদের জন্য নির্ধারিত বিকল্প স্থানে ব্যবসা করতে হবে। উচ্ছেদের পর কেউ নিষিদ্ধ স্থানে পুনরায় বসলে মালামাল ক্রোকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের উচ্ছেদ করে তাদের পুঁজি নষ্ট করা সিটি কর্পোরেশনের উদ্দেশ্য নয়। এ কারণে তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে। পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্রবার ও শনিবার ‘হলিডে মার্কেট’ এবং অন্যান্য দিনে আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে। হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক আলোচনার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, মূল সড়ক বন্ধ করে কিংবা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।
সেগুনবাগিচার উদ্ধার করা এলাকাটিকে পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে প্রশাসক বলেন, আগে যে স্থান দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারত না, নিরলস প্রচেষ্টায় সেটিকে হকারমুক্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমি সংলগ্ন এ এলাকায় ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন।
একই সঙ্গে এলাকাটির সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে শিল্পকলা একাডেমি এবং সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ঢাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ রাখতে সাংবাদিক, হকারসহ সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ ঢাকা গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি সব ঢাকাবাসীর নাগরিক দায়িত্ব।