× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বেপরোয়া গাড়ি চালিয়েও পার পাওয়া যায়’Ñএমন দৃষ্টান্ত চান না আদালত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:৩৩ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহত হওয়ার মামলায় এক কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আদালত বলেছেন, বেপরোয়া গাড়ি চালিয়েও পার পাওয়া যায়Ñ সমাজে এমন বার্তা গেলে তা খারাপ দৃষ্টান্ত তৈরি করবে।

এতে আইন ও বিচারকে বিত্তবান ও শিশুরা সহজভাবে নেওয়ার সুযোগ পাবে। রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির ওই কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন আদালতকে বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। ওই কিশোরের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তাকে গাড়ি চালানোর অনুমতিও দেওয়া হয়নি।

অন্যদিকে কিশোরের পক্ষে জামিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী গোলাম মোস্তফা খান। তিনি বলেন, ঘটনার সময় চালক কৌশলে বাঁ পাশ দিয়ে বের হয়ে যান এবং ওই কিশোর নির্দোষ। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমঝোতা হয়েছে বলেও তিনি আদালতকে জানান। ক্ষতিপূরণ হিসেবে পরিবারকে অর্থ দেওয়া হয়েছে এবং বাদীপক্ষের জামিনে আপত্তি নেই বলে তিনি উল্লেখ করেন। এ সময় নিহত নির্মাণশ্রমিকের বাবা ও ভাই আদালতে উপস্থিত ছিলেন।

কিশোরের আইনজীবী বলেন, ‘সে একজন শিশু। সে জামিনের হকদার।’ আদালত জানতে চান, সে কত দিন ধরে হাজতে আছে। আইনজীবী জানান, ১২ দিন ধরে সে হাজতে রয়েছে। শুনানির একপর্যায়ে বিচারক প্রশ্ন করেন, ‘শিশুর কি আর লাইসেন্স থাকে?’ জবাবে আসামিপক্ষের আইনজীবী বলেন, ড্রাইভিং সিটে ওই কিশোর ছিল না।

এরপর বিচারক বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই কিশোর ওইদিক থেকে বের হচ্ছে। জামিন দেওয়া হলে সমাজে এমন বার্তা যেতে পারে যে, বেপরোয়া গাড়ি চালিয়েও পার পাওয়া যায়। এতে ঘটনাটিকে প্রশ্রয় দেওয়া হবে এবং আইন ও বিচারকে বিত্তবান ও শিশুরা সহজভাবে নেওয়ার সুযোগ পাবে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালত ওই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। সেদিন তার পক্ষে জামিন আবেদন করা হলে ২৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়। ওইদিন আংশিক শুনানি শেষে রবিবার উচ্চতর শুনানির দিন ধার্য করা হয়েছিল। 

গত ২৩ সেপ্টেম্বর বিকালে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে গাড়িচাপায় নিহত হন নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪)। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে। ঘটনার সময় ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন মেহেদী। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে যায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহত মেহেদীর ভাই মোক্তাদির ইসলাম গুলশান থানায় মামলা করেন। মামলায় কিশোরের নাম উল্লেখ করা হয়নি। গাড়িচালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। তবে পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর গাড়ির চালকের আসনে থাকা কিশোরকে উপস্থিত লোকজন আটক করে পুলিশে দেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। পরে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হলে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিশোরের সম্পৃক্ততা পাওয়ার কথা জানায়। এরপর তাকে আইনের সংস্পর্শে আনা হয়। পরে পুলিশি হেফাজতে নেওয়া কিশোরকে আদালতের নির্দেশে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা