প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:৩১ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ২২:৩৪ পিএম
গ্রেপ্তারকৃত শাহিনুর আলম মারফত। ছবি: সংগৃহীত
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।
রবিবার দুপুরে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম জানান, শাহিনুর আলম তালিকাভুক্ত চাঁদাবাজ। খিলক্ষেত এলাকার বিভিন্ন অটোরিকশার গ্যারেজ থেকে চাঁদা আদায়ের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, শাহিনুর আলম ও তার সহযোগীরা খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকায় থাকা ৩০ থেকে ৩৫টি অটোরিকশার গ্যারেজ থেকে চাঁদা আদায় করত। এসব গ্যারেজে এক হাজারের বেশি অটোরিকশা রাখা হয়। চক্রটি প্রতিটি অটোরিকশা থেকে মাসে ৬০০ টাকা করে চাঁদা আদায় করত। এ ছাড়া খিলক্ষেত এলাকায় রেলওয়ের একটি জমি দখলকে কেন্দ্র করেও শাহিনুর আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
খিলক্ষেত থানার ওসি সোহরাব হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগে এসআরবি শাহিনুর আলমকে আটক করে দুপুরে থানায় হস্তান্তর করে। পরে তাকে ডিবি পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে।