× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবেষণা, বক্তৃতা, দর-কষাকষি: দু’দিনে যা শিখবে তরুণরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:৩১ পিএম

তরুণদের সম্মেলনে নতুন ইতিহাস: আসছে ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত প্রথম মডেল ইউএন। ছবি:প্রতিদিনের বাংলাদেশ

তরুণদের সম্মেলনে নতুন ইতিহাস: আসছে ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত প্রথম মডেল ইউএন। ছবি:প্রতিদিনের বাংলাদেশ

তরুণদের সম্মেলনে নতুন ইতিহাস: আসছে জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত প্রথম মডেল ইউএন।

দু’দিনের এক সম্মেলনে তরুণদের করতে হবে গবেষণা, দিতে হবে বক্তব্য, গড়তে হবে জোট আর লিখতে হবে আনুষ্ঠানিক প্রস্তাব। এমন অভিজ্ঞতার আয়োজন নিয়ে আসছে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬ (বিওয়াইএমইউএন- ২০২৬), ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের এলডি হলে।

সহজ করে বললে, মডেল ইউএন হলো জাতিসংঘের বৈঠকের অনুকরণে তরুণদের একটি শিক্ষামূলক আয়োজন। এখানে প্রত্যেক অংশগ্রহণকারী কোনো দেশ বা প্রতিষ্ঠানের হয়ে কথা বলেন, যুক্তি দেন, অন্যদের সঙ্গে আলোচনা করেন, আর শেষে সবাই মিলে সমস্যার সমাধানে প্রস্তাব পাস করেন।

শুক্রবার ১৬ অক্টোবর ও শনিবার ১৭ অক্টোবর, দুই দিনের এই আয়োজনের নেতৃত্বে রয়েছে তিনটি প্রতিষ্ঠান: ফিউচার বাংলাদেশ, বেঙ্গলবাইট ও বাংলাদেশ ইয়ুথ ডিপ্লোম্যাটস ফেডারেশন (বিওয়াইডিএফ)। প্রতিনিধিদের বয়সসীমা ১৬ থেকে ২৬ বছর।

সম্মেলনে থাকছে ছয়টি বিশেষায়িত কমিটি। ফ্ল্যাগশিপ কমিটি বাংলাদেশের জাতীয় সংসদ; সঙ্গে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং ইন্টারন্যাশনাল প্রেস। ইন্টারন্যাশনাল প্রেস কমিটির প্রতিনিধিরা সাংবাদিকের ভূমিকায় পুরো সম্মেলন কাভার করবেন।

এবারের থিম: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মাধ্যমে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন। ছয়টি কমিটির আলোচনাই এগোবে এই থিমকে ঘিরে।

ফিউচার বাংলাদেশের প্রেসিডেন্ট রেদোয়ান আহমেদ বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার তরুণরা। কিন্তু নেতৃত্ব বক্তৃতায় তৈরি হয় না, তৈরি হয় দায়িত্ব নেওয়ার অনুশীলনে। বিওয়াইএমইউএন-২০২৬ সেই অনুশীলনের জায়গা, যেখানে একজন তরুণ শিখবে কীভাবে শুনতে হয়, যুক্তি দিতে হয় এবং সবাইকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হয়।”

“তরুণদের নীতি তৈরির প্রক্রিয়ার কাছাকাছি নিয়ে আসতে চায় বিওয়াইএমইউএন-২০২৬, যেখানে তাদের গবেষণা করতে হবে, দর-কষাকষি করতে হবে, ভিন্ন অগ্রাধিকার শুনতে হবে এবং একটি কাঠামোবদ্ধ কূটনৈতিক পরিবেশে সমাধানের দিকে এগোতে হবে,” বলেন বিওয়াইএমইউএন-২০২৬ এর মহাসচিব আবদুল্লাহ আল মোক্তাদির রায়হান।

সম্মেলন উপলক্ষে প্রকাশিত হবে স্মারক ম্যাগাজিন প্লাকার্ড-এর প্রথম সংখ্যা। প্রতিবছর আয়োজনের পরিকল্পনা নিয়ে ২০২৬ সালে যাত্রা শুরু করছে বিওয়াইএমইউএন।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে join.bymun.org এবং www.bymun.org ঠিকানায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা