প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৩:৪৪ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ১৩:৫১ পিএম
ছবি: এমআরইউর সৌজন্যে
সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসচেতনতা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে দিনব্যাপী আয়োজন করতে যাচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)। ‘জ্ঞান, দক্ষতা ও সুস্থতায় সাংবাদিকদের একদিন’ প্রতিপাদ্যে আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আয়োজন চলবে। দিনব্যাপী অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য থাকছে কর্মশালা, বিনামূল্যে চিকিৎসাসেবা, বই কর্নার, কুইজ প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, পুরস্কার ও সম্মাননা এবং সমাপনী অনুষ্ঠান।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত একটি সংগঠন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কল্যাণ, প্রশিক্ষণ, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণের বিভিন্ন দিককে এক আয়োজনের আওতায় আনতে ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’ এর আয়োজন করা হচ্ছে।
আয়োজনের শুরুতেই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কর্মশালা। এতে সাংবাদিকতার সমসাময়িক চ্যালেঞ্জ, পেশাগত দক্ষতা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং সময়ের সঙ্গে সাংবাদিকদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা থাকবে।
এ ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে ‘এমআরইউ বই কর্নার’। একই সময়ে সাংবাদিক ও অংশগ্রহণকারীদের জন্য চা ও কফির ব্যবস্থাও থাকবে।
সাংবাদিকদের স্বাস্থ্যসচেতনতার বিষয়টি গুরুত্ব দিয়ে আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
কুইজ, পুরস্কার ও সম্মাননা
দুপুর ১টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে পুরস্কার, সম্মাননা ও সমাপনী অনুষ্ঠান। এ পর্বে সাংবাদিকতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি এবং অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হবে। বিকেল ৫টায় থাকবে নাশতার আয়োজন।
আয়োজন সম্পর্কে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকতা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’ এর আয়োজন।”
তিনি বলেন, “কর্মশালা, স্বাস্থ্যসেবা, জ্ঞানচর্চা ও বিনোদনের সমন্বয়ে আমরা সাংবাদিকদের জন্য একটি অর্থবহ দিন উপহার দিতে চাই। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও পেশাগত সম্প্রীতি আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করি।”
শাহরিয়ার নাঈম আরও বলেন, “মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি তরুণ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’ সেই কার্যক্রমেরই একটি অংশ। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় আয়োজনটি সফল ও সার্থক হবে বলে আমরা প্রত্যাশা করছি।”
আয়োজকেরা জানান, ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’ শুধু একটি মিলনমেলা নয়; এটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা, জ্ঞানচর্চা, স্বাস্থ্যসচেতনতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি সম্মিলিত উদ্যোগ। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত সম্প্রীতি আরও জোরদারে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, অতিথি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজনের সংক্ষিপ্ত সময়সূচি