× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করতে ওয়েবিনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২০:৪৭ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ২০:৫১ পিএম

 জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করতে ওয়েবিনার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করতে ওয়েবিনার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গত শুক্রবার, রাত সাড়ে ৮টায় ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস (দায়রা)-এর আয়োজনে “Bangladesh's Renewable Energy Transition: Closing the Gap to 2030, and the Economic Opportunity Ahead” শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা, তা বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় নীতি ও অবকাঠামো নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের উচ্চাভিলাষী লক্ষ্য থাকলেও বর্তমান সক্ষমতা ও লক্ষ্যের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। এ ঘাটতি কমাতে বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা, নির্ভরযোগ্য ও সহজলভ্য জ্বালানিসংক্রান্ত তথ্য, প্রাতিষ্ঠানিক সমন্বয়, বেসরকারি খাতের বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরতার অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তাজনিত প্রভাব নিয়েও আলোচনা হয়।

ওয়েবিনারের শুরুতে দায়রার গবেষক সুবর্ণা আক্তার লাবনী একটি পলিসি ব্রিফ উপস্থাপন করেন। এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের জাতীয় গ্রিডের বিদ্যুতের প্রায় ২.৩ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে আসে। অথচ সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

উপস্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, সৌরবিদ্যুতের উৎপাদন খরচ প্রতি ইউনিট প্রায় ৯.৫ টাকা, সেখানে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় প্রায় ২৫ টাকা।

পলিসি ব্রিফ অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র প্রায় ৩৫৮ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা নির্মাণাধীন ছিল। ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি বছর প্রায় ৭৬০ মেগাওয়াট নতুন নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত করতে হবে। এছাড়াও এই লক্ষ্য অর্জনে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর আনুমানিক ৯৩৩-৯৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের কর্মসংস্থানের সম্ভাবনাও পলিসি ব্রিফে তুলে ধরা হয়। এতে বলা হয়, প্রতি মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রায় ২৬.৬টি কর্মসংস্থান তৈরি করতে পারে। অন্যদিকে, বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্পে প্রতি মেগাওয়াটে কর্মসংস্থান হয় প্রায় ২.১টি।

পলিসি ব্রিফটিতে বাংলাদেশের বিদ্যুৎ গ্রিড ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়। এতে উল্লেখ করা হয়, ৫১৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশ্বব্যাংক-অর্থায়িত গ্রিড প্রকল্পকে ২০২৪ সালের ডিসেম্বরে ‘মাঝারি মাত্রায় অসন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করা হয়েছিল। ওই প্রকল্পের আওতায় ১৫০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত করার লক্ষ্য থাকলেও অর্জন হয়েছিল প্রায় ৪০ মেগাওয়াট।

পলিসি ব্রিফটিতে সাম্প্রতিক কিছু নীতিগত পরিবর্তনের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে ২০২৪ সালের সেপ্টেম্বরে মোট প্রায় ৩ হাজার ৩০০ মেগাওয়াট সক্ষমতার ৩১টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাতিল, ২০২৬ সালের এপ্রিলে সেগুলো পুনর্মূল্যায়নের জন্য পুনরায় খোলা, ২০২৭ অর্থবছরের বাজেটে শুল্ক সুবিধা চালু এবং ২০২৬ সালের সেপ্টেম্বরে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের জন্য প্রণোদনা চালুর বিষয়গুলো উল্লেখ করা হয়।

বাংলাদেশের জ্বালানি রূপান্তরের প্রাতিষ্ঠানিক দিক নিয়ে আলোচনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক আস্থার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, একটি টেকসই জ্বালানি রূপান্তরের জন্য এমন প্রতিষ্ঠান প্রয়োজন, যারা বিভিন্ন অংশীজনকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করতে পারে এবং সরকারি অর্থের ব্যবহারে কার্যকর নজরদারি নিশ্চিত করতে পারে। তিনি বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতাকে আমলাতন্ত্রের সঙ্গে এক করে দেখা বিষয়টি একটি ভুল পদ্ধতি।”

তার মতে, তথ্য প্রকাশ এবং অভিন্ন প্রক্রিয়া প্রতিষ্ঠার মাধ্যমে প্রাতিষ্ঠানিক আস্থা বাড়ানো সম্ভব। এর ফলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও আরও কার্যকর হতে পারে।

আলোচনায় র‌্যানকন ইনফ্রাস্ট্রাকচার্সের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি সদস্য মোহাম্মদ সুবাইল বিন আলম বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার কারিগরি চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, “আমরা এখনও প্রস্তুত নই।”

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান বিদ্যুৎ গ্রিড মূলত সীমিত সংখ্যক বড় বিদ্যুৎকেন্দ্র এবং একমুখী বিদ্যুৎ প্রবাহের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু ছাদভিত্তিক ও বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের সম্প্রসারণের জন্য দ্বিমুখী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, উন্নত ট্রান্সফরমার, এসসিএডিএর মতো আধুনিক নজরদারি ব্যবস্থা এবং আরও বেশি ব্যাটারিভিত্তিক বিদ্যুৎ সংরক্ষণ সক্ষমতা প্রয়োজন হবে।

তার মতে, প্রয়োজনীয় পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত করতে বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন ও নজরদারি অবকাঠামোর পরিকল্পনা সমন্বিতভাবে করতে হবে। পাকিস্তানের অভিজ্ঞতার উল্লেখ করে তিনি বলেন, পর্যাপ্ত বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা ও গ্রিড পরিকল্পনা ছাড়া দ্রুত সৌরবিদ্যুতের সম্প্রসারণ বরং নতুন করে বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ তৈরি করতে পারে।

তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে অন্তত পাঁচ বছরের নীতিগত নিশ্চয়তা, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সহজ শর্তের অর্থায়নে প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

স্বচ্ছতা ও নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব তুলে ধরে দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক মো. ইসমাইল আলী একটি কেন্দ্রীয় ও জনসাধারণের জন্য উন্মুক্ত ডিজিটাল জ্বালানি তথ্যভান্ডার প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

তিনি বলেন, এই তথ্যভান্ডার নিয়মিত হালনাগাদ করতে হবে এবং সেখানে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা, স্থাপিত সক্ষমতা ও প্রকৃত বিদ্যুৎ উৎপাদনের তথ্য রাখতে হবে। এতে নীতিনির্ধারক, বিনিয়োগকারী, গবেষক ও সাধারণ মানুষ সহজেই বিভিন্ন তথ্য তুলনা করতে পারবেন।

নবায়নযোগ্য জ্বালানি খাতে স্বল্পমেয়াদি নীতিগত প্রণোদনা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, দীর্ঘ সময় ধরে পরিচালিত হবে এমন অবকাঠামোতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তা প্রয়োজন। নীতিগত প্রতিশ্রুতি যদি স্বল্পমেয়াদি হয়, তাহলে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে কার্যকর অর্থায়ন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

ওয়েবিনারের সঞ্চালক, দায়রার সিনিয়র রিসার্চ ফেলো এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. সাকিব বিন আমিন বাংলাদেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থায় অদক্ষতা হ্রাসের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে ক্ষতি প্রায় ১০ শতাংশ, যেখানে বৈশ্বিক পর্যায়ে এই হার প্রায় ২-৩ শতাংশ। তার মতে, এই পার্থক্য বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা বাড়ানোর বিস্তৃত সুযোগের ইঙ্গিত দেয়।

ড. আমিন সরকারি-বেসরকারি অংশীদারত্বের ব্যবহার বাড়ানোর প্রস্তাব দেন। এর মধ্যে নির্মাণ-পরিচালনা-হস্তান্তর বা বিল্ড-অপারেট-ট্রান্সফার মডেল ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি একটি জাতীয় জ্বালানি তথ্যকেন্দ্র এবং একটি পরিবেশগত মান রক্ষার কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

তিনি বিদ্যুৎ সংরক্ষণ সক্ষমতা বাড়ানো, ভর্তুকি যাতে নির্ধারিত উপকারভোগীদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা এবং আমদানি করা জ্বালানির ওপর চাপ কমাতে জ্বালানি দক্ষতা ও চাহিদা ব্যবস্থাপনা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য একটি পূর্বানুমানযোগ্য নীতিগত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তাও গুরুত্ব পায়। বক্তারা বলেন, প্রণোদনায় ঘন ঘন পরিবর্তন, প্রতিষ্ঠানের দায়িত্বের অস্পষ্টতা, অপর্যাপ্ত অবকাঠামো এবং সাশ্রয়ী অর্থায়নের সীমিত সুযোগ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রাকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

আলোচনার শেষ পর্যায়ে ড. সাকিব বিন আমিন বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ এখন শুধু লক্ষ্যমাত্রা নির্ধারণে সীমাবদ্ধ নেই; বরং মূল চ্যালেঞ্জ হলো সেই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা।

তিনি বলেন, “নীতিকে প্রকল্পের সঙ্গে, প্রকল্পকে অর্থায়নের সঙ্গে, অর্থায়নকে অবকাঠামোর সঙ্গে এবং বিদ্যুৎ উৎপাদনকে এমন একটি গ্রিডের সঙ্গে যুক্ত করতে হবেÑ যা নির্ভরযোগ্যভাবে সেই বিদ্যুৎ গ্রহণ ও সরবরাহ করতে সক্ষম।”

ওয়েবিনারে শিক্ষাঙ্গন, বেসরকারি খাত, গণমাধ্যম, গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

টেকসই উন্নয়ন, অর্থনৈতিক নীতি, জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের উদীয়মান নীতিগত চ্যালেঞ্জ নিয়ে দায়রার বৃহত্তর কার্যক্রমের অংশ হিসেবে এই ওয়েবিনার আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা