প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২২:২৯ পিএম
সাংবাদকিদের সঙ্গে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: ভিডিও থেকে নেওয়া
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানীর কোথাও হকার বসতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার রাজধানীর ধলপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তির বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে এবার মালামাল জব্দের পাশাপাশি সরাসরি মামলা করা হবে।
হকারদের নোটিস দেওয়া বিষয়ে তিনি বলেন, হকার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন করে নোটিস দেওয়ার কোনো বিষয় নেই।
পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার কাজের দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনভোগান্তি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক।
তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছে। ওয়াসাসহ অন্যান্য সেবামূলক সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।