মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৫:৫০ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে মোছা. সালমা (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সালমা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সাংকিভাংগা গ্রামের আবুবক্কার ফরাজির মেয়ে। তিনি পাঁচ ভাই-বোনের একজন। বর্তমানে যাত্রাবাড়ীর মোমেনবাগ কোনাপাড়ার একটি ভাড়া বাসায় স্বামী কাজলের সঙ্গে থাকতেন তিনি। সালমা ১১ বছর বয়সী শিহাব নামের এক ছেলের জননী।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে খবর পেয়ে তারা মোমেনবাগ কোনাপাড়ার বাসাটি থেকে সালমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
স্বজনদের বরাত দিয়ে এসআই মো. মাকসুদুর রহমান আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। এর জেরে সালমা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন এবং সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।