ঢাকার উত্তরার গোজো রামেন জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ সংরক্ষণ, বাধ্যতামূলক নিবন্ধন সনদ, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ঢাকার উত্তরার গোজো রামেন জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ রোডের ৪০ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত রেস্টুরেন্টটিতে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। সেখানে বাসি খাবার ও পোড়া তেল সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া কোনো ধরনের লেবেল সংযোজন ছাড়াই ফ্রিজে খাদ্যোপকরণ সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিভিন্ন সনদ ও লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অনিয়ম ও অপরাধের দায় স্বীকার করায় রেস্টুরেন্টটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা অফিসের মেহরিন যারীন তাসনিম ও মো. আসলাম ভূইয়া উপস্থিত ছিলেন।