জাতীয় সংসদ ভবনে বুধবার ‘এলকয় বাংলাদেশ ২০২৬’-এর প্রথম দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তরুণ প্রতিনিধিরা।
একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন, অতিরিক্ত ও পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
জাতীয় সংসদ ভবনে বুধবার ‘এলকয় বাংলাদেশ ২০২৬’-এর প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে এসব দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়।
আসন্ন কপ-৩১ সামনে রেখে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় দেশের তরুণ প্রজন্মকে নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ১ শতাংশেরও কম। অথচ ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, নদীভাঙন ও বাস্তুচ্যুতির মতো সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।
এ বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার ও তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সম্মেলনটি আয়োজন করা হয়।
এলকয়ের সহযোগী এবং প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানের আয়োজক হিসেবে ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক-ইউক্যান, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ব্রাইটার্স যৌথভাবে এ আয়োজন করে। সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, সুনামগঞ্জের হাওর, উপকূলীয় দ্বীপ, চর ও জলবায়ু অভিবাসী অধ্যুষিত এলাকাসহ দেশের ৯টি ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সংলাপ ও ফোকাস গ্রুপ আলোচনার ভিত্তিতে সম্মেলনের প্রস্তাবনাগুলো তৈরি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু গতানুগতিক আলোচনা যথেষ্ট নয়। নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সরাসরি অংশগ্রহণ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তিনি বৈশ্বিক ফোরামে বাংলাদেশের তরুণদের জোরালো প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মীর মোহাম্মদ আলী এবং ব্রাইটার্সের চেয়ার ও এলকয় বাংলাদেশ ২০২৬-এর কন্টাক্ট পয়েন্ট ফারিহা সুলতানা অমি।
বক্তারা জলবায়ু ন্যায্যতা, লস অ্যান্ড ড্যামেজ এবং যুব অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
সম্মেলনে তরুণদের পক্ষ থেকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন, অতিরিক্ত ও পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত এবং স্থানীয় যুব ও কমিউনিটি সংগঠনগুলোর জন্য এসব অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার তৈরির দাবি জানানো হয়।
এ ছাড়া পর্যাপ্ত ও সহজলভ্য ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল কার্যকর, জলবায়ুজনিত বাস্তুচ্যুতদের নিরাপদ আবাসন, ভূমির অধিকার ও জীবিকার নিশ্চয়তা এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য বৈশ্বিক আইনি কাঠামো তৈরির দাবি জানান তরুণ প্রতিনিধিরা।
পাশাপাশি সবুজ দক্ষতা ও কর্মসংস্থানে বিনিয়োগ এবং জলবায়ু শাসন ও অভিযোজন পরিকল্পনায় তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানানো হয়।
প্রথম দিনের সমাপনী অধিবেশন পরিচালনা ও সঞ্চালনা করেন ইউক্যানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস।
উল্লেখ্য, ব্রাইটার্স ফাউন্ডেশনের হোস্টিংয়ে এবারের ‘এলকয় বাংলাদেশ ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।