প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫১ পিএম
ডিএইর প্রধান কার্যালয়ের আশপাশের বিভিন্ন দেয়াল ও পিলারে বুধবার ভোরে এসব পোস্টার লাগানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিন কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে রাজধানীর খামারবাড়িতে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে।
ডিএইর প্রধান কার্যালয়ের আশপাশের বিভিন্ন দেয়াল ও পিলারে বুধবার ভোরে এসব পোস্টার লাগানো হয়। পোস্টারে তিন কর্মকর্তার ছবি ব্যবহার করা হয়েছে।
তবে পোস্টার লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই বেলা সাড়ে ১১টার দিকে কে বা কারা সেগুলো সরিয়ে নেয়। এর আগে ডিএইর প্রবেশপথ, মেট্রো স্টেশন থেকে অধিদপ্তরের প্রধান ফটক পর্যন্ত বিভিন্ন দেয়াল ও পিলারে পোস্টারগুলো দেখা যায়।
ডিএই সূত্রে জানা গেছে, পোস্টারে ছবি থাকা তিন কর্মকর্তার মধ্যে একজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অপর দুজনের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
পোস্টারে ছবি থাকা এক কর্মকর্তা বলেন, “আমরা সরকারি চাকরিজীবী। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সরকারের নির্দেশনা পালন করাই আমাদের দায়িত্ব। যেখানে বদলি করা হবে, সেখানেই কাজ করব। কিন্তু স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে ছবি দিয়ে পোস্টার লাগানো ন্যক্কারজনক”।
ডিএইর কয়েকজন কর্মকর্তা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিদপ্তরে বদলি ও পদায়নকে কেন্দ্র করে নানা ধরনের তৎপরতা শুরু হয়। আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত অনেক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
কর্মকর্তাদের একটি অংশের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে পদায়নকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। নতুন করে কর্মকর্তাদের সরিয়ে গুরুত্বপূর্ণ পদে অন্যদের বসানোর জন্য অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন তারা।
এ ছাড়া বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পরিবর্তন নিয়েও একটি পক্ষ তৎপর রয়েছে বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তাদের দাবি, সরকার পতনের পর ১২ জন প্রকল্প পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।
অভিযোগকারী কর্মকর্তাদের ভাষ্য, প্রশাসনিক প্রক্রিয়ায় পিডি পরিবর্তনে ব্যর্থ হয়ে এখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামাজিকভাবে হেয় করতে পোস্টার লাগানোর পথ বেছে নেওয়া হয়েছে।
পোস্টারে ছবি থাকা আরেক কর্মকর্তা বলেন, “কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করা যেতে পারে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ছবি প্রকাশ করে কাউকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে রাস্তায় পোস্টার লাগিয়ে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়”।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএইর এক কর্মকর্তা অভিযোগ করেন, সরকার পতনের পর থেকে অধিদপ্তরে বিভিন্ন পদে প্রভাব বিস্তার ও অর্থ লেনদেনের তৎপরতা বেড়েছে।
তার দাবি, প্রকল্প পরিচালকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নতুন কর্মকর্তা বসাতে বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং কৃষক দলের কিছু নেতা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ে চাপ সৃষ্টি করছেন।
ওই কর্মকর্তার অভিযোগ, বিভিন্ন প্রকল্পের টেন্ডারকে কেন্দ্র করেও প্রকল্প পরিচালকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। চলতি মাসে ১১ জন প্রকল্প পরিচালকের বদলির একটি তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল বলেও তিনি দাবি করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে হঠাৎ জুম মিটিংয়ের মাধ্যমে প্রকল্প পরিচালক পরিবর্তনের প্রস্তাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ওই উদ্যোগ আটকে দেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
তাদের ভাষ্য, বর্তমান প্রকল্প পরিচালকদের কর্মদক্ষতা, প্রকল্পের অগ্রগতি কিংবা পরিবর্তনের প্রয়োজনীয়তা যথাযথভাবে মূল্যায়ন না করেই নতুন প্রকল্প পরিচালকদের নাম প্রস্তাবের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে মন্ত্রণালয়ে বিভিন্নভাবে তদবির করেও পিডি পরিবর্তনে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, প্রকল্প পরিচালকদের ওপর চাপ সৃষ্টি করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
প্রকল্প পরিচালক পরিবর্তনের উদ্যোগ ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, বিভিন্ন প্রকল্পের পরিচালক পদে পছন্দের কর্মকর্তাদের বসানোর জন্য ৩০ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত চুক্তির কথা বলা হয়েছে। কয়েকজন কর্মকর্তার কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।