এইচআরডিএসের লোগো।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস), ঢাকা বিশ্ববিদ্যালয়।
অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির দপ্তর সম্পাদক মো. তারিফ আহাম্মেদ তুহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক মো. জহিরুল ইসলাম, আগামীর সময়ের সাংবাদিক মো. সিয়াম হোসেন গাজী ও সাংবাদিক মো. তোফায়েল আহমেদ হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
এইচআরডিএস বলেছে, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠলে তা ব্যক্তিগত আচরণ হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ, ক্যাম্পাসের পরিবেশ এবং মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতার বিষয় জড়িত।
সংগঠনটির মতে, কোনো সংবাদ বা সাংবাদিকের কর্মকাণ্ড অপছন্দ হলে প্রতিবাদ, বক্তব্য কিংবা আইনসম্মত অভিযোগের পথ খোলা রয়েছে। তবে শারীরিক হামলা, ভয়ভীতি প্রদর্শন বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার সুযোগ নেই।
তবে তদন্তের আগে কোনো শিক্ষার্থীকে অপরাধী হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করেছে এইচআরডিএস।
অভিযোগে যেসব শিক্ষার্থীর নাম বা পরিচয় এসেছে, তাদের প্রত্যেকের ভূমিকা পৃথকভাবে যাচাইয়ের দাবি জানিয়েছে সংগঠনটি। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রশাসনিক এবং প্রযোজ্য ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে বিঘ্নিত হলো এবং হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী ছিল, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে এইচআরডিএস।
আহত সাংবাদিকদের চিকিৎসা, নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও বাধাহীন পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, দায় ব্যক্তির, পরিচয়ের নয়। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে দায়ী করা বা শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢালাও নেতিবাচক প্রচারণারও বিরোধিতা করেছে এইচআরডিএস।