প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা শহরের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ আর কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সবার নৈতিক ও নাগরিক দায়িত্ব।
মঙ্গলবার ওয়ারীর ঢাকা খ্রিস্টিয়ান কবরস্থানের প্রাচীন সমাধিগুলো সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘আদি ঢাকা’র বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও রূপ ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছেন তিনি। তার ভাষায়, আদি ঢাকাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের মেগাসিটি। তাই এর ঐতিহাসিক স্থান ও স্থাপনাগুলোর কোনো নিদর্শন আর নষ্ট হতে দেওয়া হবে না।
ওয়ারীর ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, একসময় নদীবেষ্টিত যোগাযোগ ব্যবস্থা ও নগর সুবিধার কারণে ওয়ারী ছিল ঢাকার অন্যতম বনেদি ও অভিজাত এলাকা। বহু প্রখ্যাত ব্যক্তি এ এলাকায় বসবাস করতেন। পাশের বলধা গার্ডেনসহ পুরো এলাকার পরিবেশ আগের উন্নত ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে সিটি করপোরেশন কাজ করছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই; সবাই বাংলাদেশি এবং সমান নাগরিক। সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে পারস্পরিক প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে তিনি জানান, কবরস্থানের শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে রাস্তাঘাট, ড্রেনেজ, আলোকায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য ডিএসসিসির তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রয়োজনে ভবিষ্যতে আরও অর্থ সহায়তারও আশ্বাস দেন।
আদি ঢাকার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, রাস্তা সরু হলেও তা পরিচ্ছন্ন রাখা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। এলাকাভিত্তিক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভাসমান জনগোষ্ঠীর নিয়ন্ত্রণসহ স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।