আদাবর থানা। ছবি: সংগৃহীত
ঢাকার আদাবরে জমি নিয়ে বিরোধের জেরে একটি ভবন দখল করতে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। এ সময় ‘আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে’ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
আদাবরের নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ে সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযান চলছিল। এর মধ্যে আসামিদের কয়েকজন খালপাড়ে অবস্থান করছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়”।
ওসি জাহাঙ্গীর বলেন, “অভিযানের একপর্যায়ে ঘটনাস্থলে ৭ থেকে ৮ জন দুষ্কৃতিকারীকে দেখতে পাই। তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা হাতে থাকা চাপাতি নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে। তখন আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে দুজন আহত হন”।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)। তাদের মধ্যে রাজিব ও সাগর পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওসি জাহাঙ্গীর বলেন, “অন্য আসামিরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে”।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় জানিয়েছে, আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সোমবার ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
এর আগে শনিবার সকালে আদাবরের শেখেরটেক এলাকার শ্যামলী হাউজিংয়ের প্রথম প্রকল্পের ৬ নম্বর সড়কের একটি বাড়ির ফটক, জানালা ও নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ২০ থেকে ২৫ জনের একটি দল।
ভবন মালিকের স্বজনদের অভিযোগ, হামলার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাননি তারা।
হামলার ঘটনা পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে প্রথমে মুখে মাস্ক পরা একজনকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। পরে অস্ত্র হাতে একদল তরুণ এসে বাড়িটির তিনটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপর জানালা ও প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায় তাদের।
এ ঘটনায় ভুক্তভোগী আদাবর থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।