প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৬ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।
সোমবার বিকেল সাড়ে তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকেরা অংশ নেন।
সমাবেশে জানানো হয়, গত রবিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা–পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন তিন সাংবাদিক। আহত ব্যক্তিরা হলেন—দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জহিরুল ইসলাম, দৈনিক ‘আগামীর সময়’-এর সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ। ঘটনার পর পরই তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকেরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশের ওপরও আঘাত।”
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে এবং তদন্তের মাধ্যমে যার যে দায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এমআরইউ সভাপতি আরও বলেন, সংগঠনটি সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। কোনো সাংবাদিক হামলার শিকার হলে সংগঠন তার পাশে থাকবে এবং আইনগত ও সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে সংগঠনের প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এর আগে হামলার ঘটনার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর রাত ১১টায় আয়োজিত এক তাৎক্ষণিক সমাবেশ থেকে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুলিশের বিভিন্ন অভিযান বয়কটসহ পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়েছিল।