প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৮ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০১ পিএম
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে আবারও নিজস্ব সাইনবোর্ড টানানো হয়। ছবি: সংগৃহীত
হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েক দিন পর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখলমুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা ক্লিনিকের নিজস্ব সাইনবোর্ড পুনরায় টানিয়ে দেন। একইসঙ্গে সরিয়ে ফেলা হয় হামলার পর টানিয়ে দেওয়া সাইনবোর্ডটি।
এদিকে হামলা-ভাঙচুরের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কাজ চলছে। তবে চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।