প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮ পিএম
এমএইচএসআরএফের লগো।
মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী- উভয়পক্ষের নিরাপত্তা, মর্যাদা, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে Mental Health Safety and Rights Forum নামে একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল প্ল্যাটফর্মের আজ রবিবার যাত্রা শুরু হয়েছে।
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপদ পরিবেশ,
পেশাগত নৈতিকতা, মানবিক মর্যাদা, জবাবদিহিতা এবং অধিকার সুরক্ষাকে গুরুত্ব দিয়ে
কাজ করার উদ্দেশ্যে এই ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ফোরামের
প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়,
মানসিক স্বাস্থ্যসেবা একটি অত্যন্ত সংবেদনশীল ও মানবিক সেবা ক্ষেত্র। এখানে যেমন
সেবা প্রদানকারী পেশাজীবীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন কর্মপরিবেশ
প্রয়োজন, তেমনি সেবা গ্রহণকারী ব্যক্তি বা রোগীরও রয়েছে গোপনীয়তা, মর্যাদা, সম্মতি
এবং নিরাপদ ও মানসম্মত চিকিৎসা পাওয়ার অধিকার। এই দুই পক্ষের অধিকার ও দায়িত্বকে
সমান গুরুত্ব দিয়ে একটি আস্থাশীল ও নিরাপদ পরিবেশ তৈরিই ফোরামের অন্যতম প্রধান
উদ্দেশ্য।
ফোরামটি মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের
জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরিতে সচেতনতা ও নীতিগত উদ্যোগ গ্রহণে
কাজ করবে। পেশাজীবীরা যাতে ভয়, হয়রানি, বৈষম্য বা অযাচিত চাপের বাইরে থেকে
দায়িত্বশীলভাবে তাদের পেশাগত কাজ পরিচালনা করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আলোচনা
ও উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পেশাজীবীদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও জবাবদিহিতার
বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
অন্যদিকে, রোগী ও সেবাগ্রহীতাদের
অধিকার রক্ষার বিষয়টিও ফোরামের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হবে। মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ও চিকিৎসাসংক্রান্ত
তথ্যের গোপনীয়তা, ব্যক্তিগত মর্যাদা, অবহিত সম্মতি (informed consent), নিরাপদ
চিকিৎসা এবং যথাযথ পেশাগত আচরণ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা হবে।
সেবাগ্রহীতারা যেন তাদের অধিকার সম্পর্কে জানতে পারেন এবং প্রয়োজনের সময় যথাযথভাবে
তা উত্থাপন করতে পারেন, সে বিষয়েও কাজ করবে ফোরাম।
মানসিক স্বাস্থ্যসেবা খাতে হয়রানি,
বৈষম্য, অনিয়ম, পেশাগত অসদাচরণ কিংবা অধিকার লঙ্ঘনের অভিযোগ দায়িত্বশীলভাবে
আলোচনার জন্য একটি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে। কোনো অভিযোগ বা বিরোধের
ক্ষেত্রে গুজব, অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফা
প্রচারের পরিবর্তে তথ্য, প্রমাণ, ন্যায়সংগত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের
বক্তব্যকে গুরুত্ব দেওয়ার নীতিতে ফোরাম কাজ করবে।
ফোরামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য
হলো মানসিক স্বাস্থ্য পেশাজীবী ও সেবাগ্রহীতা—উভয়পক্ষের ন্যায্য অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি
করা। এ লক্ষ্যে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম, মতবিনিময়, পেশাগত আলোচনা এবং
প্রয়োজনীয় প্রশিক্ষণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। মানসিক স্বাস্থ্যসেবায়
নৈতিকতা, পেশাগত মানদণ্ড, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়েও ফোরাম
গুরুত্ব দেবে।
প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান,
পেশাজীবী সংগঠন ও কর্তৃপক্ষের কাছে মানসিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নীতিগত
সুপারিশ উপস্থাপন করা হবে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন,
সেবার মান বৃদ্ধি এবং সেবা প্রদানকারী ও সেবাগ্রহীতার মধ্যে পারস্পরিক আস্থা
তৈরিতে গঠনমূলক ভূমিকা রাখার লক্ষ্য থাকবে ফোরামের।
ফোরামের প্রথম আহ্বায়ক কমিটি আগামী তিন
মাস সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এই সময়ে সদস্য সংগ্রহ, সাংগঠনিক কাঠামো
শক্তিশালীকরণ, ফোরামের নীতিমালা ও কার্যক্রমের কাঠামো প্রণয়ন এবং ভবিষ্যৎ
কর্মপরিকল্পনার ভিত্তি তৈরির কাজ করা হবে।
আহ্বায়ক কমিটির তিন মাসের মেয়াদ শেষে
ফোরামের সকল সাধারণ সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক
নির্বাচন করা হবে। এর মাধ্যমে সংগঠনের পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করা হবে এবং
একটি গণতান্ত্রিক সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
প্রথম
আহ্বায়ক কমিটির সদস্যরা
১. আফিয়া জামান
২. উজ্জল বালা
৩. এস এম শহিদুল ইসলাম হৃদয়
৪. জামিউল ইসলাম
৫. তেরেসা ডায়না গোমেজ
৬. নুসরাত জাহান আঁখি
৭. ফারিয়া ফারিন ত্রিনা
৮. মেহেদি হাসান অপু
৯. মো. আবিদ হোসেন
১০. রুদাইনা তাসকিন শীলান
১১. লিমা রংমা
১২. শাকিলা সুলতানা স্বাতী
১৩. শারমিন ইসলাম
১৪. শাওনা
১৫. শামস মোহাম্মদ ইমন
১৬. সাঈকা সাঈদ
১৭. সাগর বড়ুয়া
১৮. হুরাইয়া কবির হ্যাপি।