প্রতীকী ছবি।
ঢাকা বনানীর আমতলী মোড় ট্রাফিক পুলিশ বক্স এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আফ্রিকান নাগরিক।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) ও মাইকেল (৩৬)। খালেদ সাইফুল্লাহ নোয়াখালীর সোনাইমুড়ী থানার তরিক উল্লাহর ছেলে। মাইকেল আফ্রিকার নাগরিক এবং কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাংবাদিকতা বিষয়ের শিক্ষক।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, আমতলী মোড় ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে কাকলীমুখী একটি কাভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান।
এসআই মো. তারেক হোসেন বলেন, “রাতে খবর পেয়ে বনানীর আমতলী মোড়ের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।”