ছবি: এআই দিয়ে তৈরি
রাজধানীর পূর্বাচলে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন।
৩০০ ফিট এলাকায় শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যের মাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন ঢাকা সিটি এসবিতে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত মেহেদী হাসানের স্ত্রী মোছা. আফরোজা আক্তার শান্তা (২৮) ও তার মা। নিহত আফরোজার বাবার নাম আজিজুল হক। তাদের বাড়ি ঢাকা জেলার কদমতলী থানার শ্রীধারা এলাকায়। তবে নিহত মেহেদী হাসানের মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মেহেদী হাসান বলেন, “রাতে আমার মা ও আমার স্ত্রী পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে আমার মাকে মৃত ঘোষণা করা হয়। পরে আমার স্ত্রীকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আফরোজার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত আরও একজন নারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন। আফরোজাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। নিহত অপর নারীর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।