পোলার আইসক্রিমের বিভিন্ন স্বাদ উপভোগের পাশাপাশি আইসক্রিম স্টিক ও কোণ কেনার সুযোগ থাকছে মেট্রোরেল স্টেশনগুলোতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আইসক্রিমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে ঢাকার পাঁচটি মেট্রোরেল স্টেশনে ‘পোলার চিল স্টেশন’ চালু করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসব স্টেশনে পোলার আইসক্রিমের বিভিন্ন স্বাদ উপভোগের পাশাপাশি আইসক্রিম স্টিক ও কোণ কেনার সুযোগ থাকছে।
প্রতি স্কুপ আইসক্রীমের দাম রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা।
ঢাকায় মঙ্গলবার নতুন এ উদ্যোগের উদ্বোধন করা হয়।
প্রাথমিকভাবে উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের ছয়টি পয়েন্টে ‘পোলার চিল স্টেশন’ চালু করা হয়েছে।
এসব স্টেশনে ক্রেতারা পোলারের বিভিন্ন স্বাদের আইসক্রিম থেকে পছন্দেরটি বেছে নিতে পারবেন। পাশাপাশি নতুন নতুন স্বাদ উপভোগের সুযোগও থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহ মাসুদ ইমাম বলেন, আইসক্রিমপ্রেমীদের প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
যেকোনো সময় ও যেকোনো জায়গায় গ্রাহকদের পাশে থাকার লক্ষ্য থেকেই ‘পোলার চিল স্টেশন’ চালু করা হয়েছে, বলেন তিনি।
পোলার কর্তৃপক্ষ জানায়, আইসক্রিম কেনা ও উপভোগের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন স্থানে ‘পোলার চিল স্টেশন’ চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিএনজি গ্রুপ ও ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।