প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮ পিএম
বাধা দেওয়ার একপর্যায়ে ওই ব্যক্তি ভারসাম্য হারিয়ে পড়ে যান। ছবি: ভিডিও থেকে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছে কর্তৃপক্ষ। এতে ঘটনার পূর্বাপরসহ পুরো পরিস্থিতির চিত্র পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে ক্যানোপি-২ দিয়ে এক আগমনী যাত্রী বের হওয়ার সময় তাকে গ্রহণ করতে আসা এক পুরুষ নির্ধারিত এক্সিট গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্য তাকে ভেতরে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন এবং বাধা দেন। ওই ব্যক্তি একাধিকবার প্রবেশের চেষ্টা করলে তাকে আটকাতে করতে আরও একজন আনসার সদস্য এগিয়ে আসেন। একপর্যায়ে ওই ব্যক্তি ভারসাম্য হারিয়ে পড়ে যান।
এরপর তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা ঘটনাস্থলে এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার ওই পর্যায়ের একটি অংশ উপস্থিত একজন ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।
তবে কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজে ঘটনার আগের পরিস্থিতিসহ পুরো ঘটনাপ্রবাহ দেখা গেছে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, নির্ধারিত এক্সিট গেট দিয়ে একাধিকবার প্রবেশের চেষ্টা ঠেকাতে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন। এরপর তিনি পড়ে গেলে পরিস্থিতির অবনতি ঘটে এবং হাতাহাতির সূত্রপাত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা অনুসরণ করা জরুরি। যাত্রীদের স্বজন ও দর্শনার্থীদেরও বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে কোনো ঘটনার আংশিক বা খণ্ডিত ভিডিও দেখে সম্পূর্ণ প্রেক্ষাপট যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা অনুমাননির্ভর বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা উল্লেখ করে কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তা ও সুশৃঙ্খল যাত্রী চলাচল নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের পাশাপাশি বিমানবন্দর ব্যবহারকারী সবার দায়িত্বশীল ও সহযোগিতামূলক আচরণ প্রয়োজন।