প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৪ পিএম
ধানমন্ডি লেক। ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ধানমন্ডির ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পিছনে ব্রিজের নিচে লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাবেদ বনানীর ১৩ নম্বর রোডের ১২২ নম্বর বাসার মো. সালাউদ্দিন আহমেদের ছেলে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ১ নম্বর রোডের ৫৬৬/৬৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন। পরিবারের দাবি নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বলেন, “আমরা খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পিছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।”
তিনি বলেন, “নিহত ব্যক্তি আর্থিক অভাব অনটনে কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন কি না বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবু্ও ময়নাতদন্তে প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”